কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের শাস্তি প্রতিরোধে শিক্ষক প্রশিক্ষণ
কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি প্রতিরোধ এবং সহমর্মিতাপূর্ণ শিক্ষাদান পদ্ধতি নিশ্চিত করতে রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নিরাপত্তা এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের জামিয়া ইসলামিয়া ওয়াহিদীয়া মাদ্রাসা সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের সাম্প্রতিক নির্দেশনার আলোকে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের তত্ত্বাবধানে আঞ্চলিক শিক্ষা বোর্ড ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর’ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান রোধ, শরয়ি সীমার মধ্যে সহমর্মিতাপূর্ণ শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মউন্নয়নে করণীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার শাইখুল হাদিস মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং আল-আযহার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা মুহাম্মাদ লুতফেরাব্বী আযহারী।
আলোচকরা বলেন, কওমি শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক চরিত্র গঠন করা। কোনো অবস্থাতেই প্রতিশোধ বা রাগের বশে শিক্ষার্থীদের ওপর শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না। শিক্ষার্থীদের সুস্থ বিকাশ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করে তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা প্রতিষ্ঠান ও শিক্ষকদের দায়িত্ব।
মাওলানা মাহফুজুল হক সুন্নাহভিত্তিক তারবিয়াত ও কোমল আচরণের মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুরের আওতাভুক্ত বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
সূত্র: ঢাকা পোষ্ট












.webp)




