রোববার   ২৬ জুলাই ২০২৬ || ১০ শ্রাবণ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

সবচেয়ে বেশি ছাগল পালন জয়পুরহাটে, শীর্ষ দশে কোন কোন জেলা

সবচেয়ে বেশি ছাগল পালন জয়পুরহাটে, শীর্ষ দশে কোন কোন জেলা
সংগৃহীত

দেশের মানুষের পুষ্টির চাহিদা মেটাতে প্রাণিসম্পদের অবদান অনেক। তবে স্বল্প পুঁজি, কম জায়গা ও পালন সহজ হওয়ায় গ্রামীণ পরিবারে ছাগল পালন বেশ জনপ্রিয়। দেশে ছাগলের দুটি জাত বেশি দেখা যায়। এগুলো হলো ব্ল্যাক বেঙ্গল ছাগল ও রামছাগল বা যমুনাপারী ছাগল।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২ কোটি ৭৩ লাখ ছাগল পালন হয়েছে।

দেশের কোন জেলা ছাগল উৎপাদনে শীর্ষে? এই বিষয়ে তাই কৌতূহল জাগা স্বাভাবিক। ছাগল পালনে শীর্ষ দুই বিভাগ খুলনা ও রাজশাহী। এই দুই বিভাগের মধ্যেই শীর্ষ দশ জেলার অবস্থান। এবার দেখা যাক, দেশে ছাগল পালনে শীর্ষ দশ জেলা কোনগুলো।

১০

যশোর: ১০ লাখ ২৪ হাজার

যশোর একটি মৃতপ্রায় বদ্বীপ। পদ্মা ও হুগলি নদীর মধ্যবর্তী বৃহৎ বদ্বীপটির একটি অংশ হচ্ছে যশোর। এই জেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ১০ লাখ ২৪ হাজার ছাগল পালন হয়। এর আগের অর্থবছরে প্রায় ৮ লাখ ৭১ হাজার ছাগল পালন করা হয়।

পাবনা: ১০ লাখ ৬৪ হাজার

পাবনা জেলা পদ্মা ও যমুনা নদীর মিলনস্থলে অবস্থিত। ১৯৪৮ সালে যমুনা নদীকে পাবনা জেলার সীমানা নির্ধারক ঘোষণা করা হয়। এই জেলার আয়তন ২ হাজার ৩৭২ বর্গকিলোমিটার। ২০২৪-২৫ অর্থবছরে এই জেলায় প্রায় ১০ লাখ ৬৪ হাজার ছাগল পালন করা হয়, যা তার আগের অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১০ লাখ ২৪ হাজার।

মেহেরপুর: ১১ লাখ ৩ হাজার

মেহেরপুর বাংলাদেশের পশ্চিমা সীমান্তবর্তী জেলা। মেহেরপুর জেলার আয়তন প্রায় ৭১৬ বর্গকিলোমিটার। এই জেলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৬ লাখ ৭২ হাজার ছাগল পালন করা হয়। আর ২০২৪-২৫ অর্থবছরে এই সংখ্যা ছিল প্রায় ১১ লাখ ৩ হাজার।

নাটোর: ১১ লাখ ৫২ হাজার

নাটোরের জেলার উত্তরে বগুড়া ও নওগাঁ জেলা। আর পূর্বে সিরাজগঞ্জ ও পাবনা জেলা। এ ছাড়া নাটোর জেলার দক্ষিণে অবস্থান পাবনা ও কুষ্টিয়া জেলার। এই জেলার আয়তন প্রায় ১ হাজার ৮৯৬ বর্গকিলোমিটার। ২০২৪-২৫ অর্থবছরে এই জেলায় প্রায় ১১ লাখ ৫২ হাজার ছাগল পালন হয়। ২০২৩-২৪ অর্থবছরে পালন করা হয় প্রায় ৯ লাখ ৪১ হাজার।

ঝিনাইদহ: ১১ লাখ ৬৪ হাজার

বাংলাদেশের অন্যতম জনবহুল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ঝিনাইদহ জেলা। এই জেলার আয়তন প্রায় ১ হাজার ৯৬৫ বর্গকিলোমিটার। এই জেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ১১ লাখ ৬৪ হাজার ছাগল পালন করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে ছিল প্রায় ১১ লাখ ৭৯ হাজার।

 

চুয়াডাঙ্গা: ১২ লাখ ৫৮ হাজার

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। এ দেশের উত্তর-পশ্চিমে মেহেরপুর, উত্তর-পূর্বে কুষ্টিয়া ও দক্ষিণ-পূর্বে ঝিনাইদহ। এই জেলার আয়তন প্রায় ১ হাজার ১৭১ বর্গকিলোমিটার। ২০২৪-২৫ অর্থবছরে এই জেলায় প্রায় ১২ লাখ ৫৮ হাজার ছাগল পালন হয়। এর আগের অর্থবছরে হয় সাত লাখের বেশি।

কুষ্টিয়া: ১২ লাখ ৬৬ হাজার

কুষ্টিয়া জেলার উত্তর–পশ্চিম এবং উত্তরে পদ্মা নদী। অপর তীরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা। কুষ্টিয়ার দক্ষিণে ঝিনাইদহ জেলা, পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা। এই জেলার আয়তন প্রায় ১ হাজার ৬০৯ বর্গকিলোমিটার। সব মিলিয়ে এই জেলায় ২০২৪-২৫ অর্থবছরে ১২ লাখ ৬৬ হাজার ছাগল পালন হয়। এর আগের অর্থবছরে এই সংখ্যা ছিল ১২ লাখ ১৮ হাজার।

রাজশাহী: ১৩ লাখ ৩৩ হাজার

দেশের উত্তরে অবস্থিত জেলা রাজশাহী। এই জেলার আয়তন ২ হাজার ৪০৭ বর্গকিলোমিটার। সব মিলিয়ে এই জেলায় নিবন্ধিত গবাদিপশুর খামার রয়েছে ৬৩৫টি। ২০২৪-২৫ অর্থবছরে এই জেলায় ছাগল পালন হয়েছে প্রায় ১৩ লাখ ৩৩ হাজার। ২০২৩-২৪ অর্থবছরে এই সংখ্যা ছিল প্রায় ১২ লাখ ২৪ হাজার।

নওগাঁ: ১৩ লাখ ৩৪ হাজার

নওগাঁ জেলা রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমে অবস্থিত। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে নাটোর ও রাজশাহী জেলা, পূর্বে জয়পুরহাট ও বগুড়া জেলা এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলার অবস্থান। ২০২৩-২৪ অর্থবছরে ছাগল পালনে এই জেলার অবস্থান প্রথম হলেও গত অর্থবছরে ছাগল পালনে দ্বিতীয় অবস্থানে চলে গেছে। ২০২৩-২৪ অর্থবছরে নওগাঁয় ছাগল পালন হয় ২৩ লাখের বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই জেলায় ছাগল পালন হয় ১৩ লাখ ৩৪ হাজার।

জয়পুরহাট: ১৪ লাখ ২ হাজার

জয়পুরহাট রাজশাহী জেলার উত্তরে অবস্থিত। জয়পুরহাট জেলার উত্তরে দিনাজপুর ও ভারত। আর পূর্বে গাইবান্ধা ও বগুড়া জেলা। বিগত অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ সালে সবচেয়ে বেশি ছাগল পালন হয়েছে এই জেলায়। সেই অর্থবছরে প্রায় ১৪ লাখ ২ হাজার ছাগল পালন করা হয়। তবে ২০২৩-২৪ অর্থবছরে এই জেলায় ছাগল পালন হয় প্রায় ৪ লাখ ৯৭ হাজার। ৯৬৫ বর্গকিলোমিটারের জয়পুরহাটে ৩৬৪টি নিবন্ধিত ছাগলের ফার্ম বা খামার রয়েছে।

সূত্র: প্রথম আলো

অনলাইন জরিপ

রোববার   ২৬ জুলাই ২০২৬ || ১০ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম