সোমবার   ১১ মে ২০২৬ || ২৭ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:১৪, ১১ মে ২০২৬

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ৬০ পৃষ্ঠার বিরল কোরআন

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ৬০ পৃষ্ঠার বিরল কোরআন
সংগৃহীত

পবিত্র মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে হাতে লেখা বিরল এক পাণ্ডুলিপি। মাত্র ৬০ পৃষ্ঠার এই কোরআনের প্রতিটি পাতায় একটি করে সম্পূর্ণ পারা অত্যন্ত শৈল্পিকভাবে বিন্যস্ত করা হয়েছে।

রোববার (১০ মে) সৌদি প্রেস এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ। অনন্য নির্মাণশৈলী ও শৈল্পিক সূক্ষ্মতায় ঘেরা এই পাণ্ডুলিপিটি তিউনিসিয়ার একটি প্রকাশনা সংস্থা থেকে মুদ্রিত। এটি যুগ যুগ ধরে পবিত্র কোরআনের প্রতি মুসলিম উম্মাহর বিশেষ যত্ন ও মমত্বের অনন্য নিদর্শন বহন করছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, এই বিশেষ পাণ্ডুলিপিটি শুধু ধর্মীয় পবিত্রতা নয়, বরং আরবি ক্যালিগ্রাফি এবং কোরআনের আয়াতের বিশেষ বিন্যাস শৈলীকেও ফুটিয়ে তুলেছে। এটি তৈরির সময় ক্যালিগ্রাফি ও কারুকার্যের যে সূক্ষ্ম সমন্বয় করা হয়েছে, তা দর্শকদের মুগ্ধ করছে। পবিত্র কোরআনকে চমৎকার ও বৈচিত্র্যময় শৈল্পিক রূপে উপস্থাপন ও সংরক্ষণের যে ঐতিহাসিক প্রচেষ্টা চলে আসছে, এই পাণ্ডুলিপিটি তারই একটি অংশ।

হেরা কালচারাল ডিস্ট্রিক্টের এই জাদুঘরে ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি ব্যবহার করা হয়েছে আধুনিক ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তি, যা দর্শনার্থীদের এক ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করে। ইসলামের সূচনালগ্ন থেকে যুগে যুগে কুরআনের লিখনশৈলী ও প্রকাশনার যে বিবর্তন হয়েছে, তার একটি স্বচ্ছ চিত্র এখানে তুলে ধরা হয়েছে।

মক্কার ঐতিহাসিক গুরুত্ব এবং ওহী বা প্রত্যাদেশের অবতরণস্থল হিসেবে এই জাদুঘরটি এখন দর্শনার্থীদের জন্য এক বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই ৬০ পৃষ্ঠার কোরআনটি দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

সোমবার   ১১ মে ২০২৬ || ২৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন