শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ || ১৫ কার্তিক ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৭:০৪, ৩১ অক্টোবর ২০২৬

স্বাস্থ্যসেবা থেকে জাপানি সংস্কৃতি টোকিওতে ব্যস্ত সময় কাটিয়েছেন ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবা থেকে জাপানি সংস্কৃতি  টোকিওতে ব্যস্ত সময় কাটিয়েছেন ডা. জুবাইদা রহমান
সংগৃহীত

স্বাস্থ্যসেবা থেকে জাপানি সংস্কৃতি

টোকিওতে ব্যস্ত সময় কাটিয়েছেন ডা. জুবাইদা রহমান

আধুনিক চিকিৎসাব্যবস্থা, উন্নত স্বাস্থ্যপ্রযুক্তি, প্রবীণদের পরিচর্যা এবং জাপানের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার মধ্য দিয়ে টোকিওতে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার (২৮ অক্টোবর) তাঁর এই সফরে স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণমূলক বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজান মাহমুদ) জানান, স্বাস্থ্যসেবা, প্রবীণদের পরিচর্যা এবং জাপানি সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই এসব কর্মসূচিতে অংশ নেন ডা. জুবাইদা রহমান।

কর্মসূচির শুরুতে তিনি টোকিওর হানেদা ইনোভেশন সিটির ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শন করেন। সেখানে ক্লিনিকের কর্মকর্তারা তাঁকে আধুনিক চিকিৎসাপ্রযুক্তি ও স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে উন্নত সিটি স্ক্যান, পিইটি-সিটি, এমআরআই এবং চিকিৎসাসেবায় ব্যবহৃত রোবোটিক প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা নেন তিনি। চিকিৎসা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহে রোবটের ব্যবহারসহ আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

এরপর ডা. জুবাইদা রহমান টোকিওর বুনকিও এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত হোঙ্গো কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের পরিচর্যা, বাসাভিত্তিক স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

বিশেষ করে জাপানের কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা ও প্রবীণদের পরিচর্যার অভিজ্ঞতা বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা এবং হাসপাতালের বাইরে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বাংলাদেশের জন্যও ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ বিষয়।

স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি জাপানের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতেও সময় দেন তিনি। দুপুরের খাবারের পর উয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। সেখানে জাপানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন।

দিনের শেষভাগে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ডা. জুবাইদা রহমানের এই সফর কেবল আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ কিংবা দর্শনীয় স্থান পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং আধুনিক চিকিৎসাব্যবস্থা, প্রবীণদের সেবা, পুনর্বাসন এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ তৈরি করেছে।

একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য খাতের আধুনিক প্রযুক্তি ও সেবাব্যবস্থা সম্পর্কে তাঁর আগ্রহ এবং আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের এই উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে। একই সঙ্গে জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এবং দেশটির রাজপরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ সফরটিকে দিয়েছে ভিন্নমাত্রা।

স্বাস্থ্যসেবা, মানবকল্যাণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার সমন্বয়ে টোকিওতে ডা. জুবাইদা রহমানের এই কর্মসূচি বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাস্থ্য ও সাংস্কৃতিক সহযোগিতার নতুন সম্ভাবনাকেও সামনে নিয়ে এসেছে।

সর্বশেষ

অনলাইন জরিপ

শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ || ১৫ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম