বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ || ১৮ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৫৬, ২ এপ্রিল ২০২৬

নাটোরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, পরিবেশককে জরিমানা

নাটোরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, পরিবেশককে জরিমানা
সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক পরিবেশককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় গুরুদাসপুর পৌরসভার শাপলা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।

আদালতসূত্রে জানা গেছে, শাপলা চত্বর এলাকার ব্যবসায়ী আব্দুল মতিন দুটি এলপিজি গ্যাস কোম্পানির স্থানীয় পরিবেশক। তিনি সরকারি নির্দেশনা উপেক্ষা করে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে (৬০০ টাকা বেশি) গ্রাহকদের কাছে বিক্রি করছিলেন। এ বিষয়ে  সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠান মেসার্স যমুনা ট্রেডার্সে অভিযান চালান ইউএনও ফাহমিদা আফরোজ।

এ সময় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পরে সরকারি আদেশ অমান্য করে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে পরিবেশক আব্দুল মতিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে চার মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান, সরকার নির্ধারিত দামের বেশি দামে সিলিন্ডার বিক্রি করায় অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ব্যবসায়ীসহ স্থানীয় সব পরিবেশককে সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আশিকুর রহমান/এসএমডব্লিউ

সূত্র: ঢাকা পোষ্ট