রোববার   ১২ এপ্রিল ২০২৬ || ২৮ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫৬, ১২ এপ্রিল ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
সংগৃহীত

পদ্মা নদীতে হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। দৃষ্টিসীমা কমে আসায় মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ প্রায় এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে।

রোববার (১২ এপ্রিল) ভোর৪টা ১০ মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে এই গুরুত্বপূর্ণ নৌরুটে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলোকে পর্যায়ক্রমে পার করা হচ্ছে।

রোববার ভোর ৪টা ১০ মিনিটের দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে শনিবার দিবাগত রাত ৩টার দিকে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ভোর ৪টা ১০ মিনিট থেকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে ঘাটে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

তিনি আরও বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় মোট ১২টি ফেরি চলাচল করছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ