রাবিতে হলের গাছ থেকে লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের গাছ থেকে লিচু পেড়ে প্রতিটি রুমে পৌঁছে দিয়েছেন হল সংসদের নেতারা। শুক্রবার (১ মে) দুপুরে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক মো. জামিরুল ইসলাম।
জানা গেছে, প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করে পিএইচডি ব্লকসহ ১৩৫টি রুমে এবং হলের সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি রুমে ২৫ থেকে ৩০টি করে লিচু পৌঁছানো হয়।
হল সংসদের ভিপি রাসেল মিয়া বলেন, গত বছরও আমরা হলের লিচু গাছের ফল প্রতিটি রুমে বিতরণ করেছিলাম। এই ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের সহায়তায় গাছ থেকে লিচু নামিয়ে সবার মাঝে ভাগ করে দিলাম। হলের ফলপাড়ার এই আনন্দ শৈশবের কথা মনে করিয়ে দেয়।
হলের প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, হলে একটি লিচু গাছ আছে। এ বছর সেখানে প্রচুর লিচু ধরেছে। আমরা চেয়েছিলাম এগুলো সব শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে। সেটি করা গেছে। কর্মকর্তা-কর্মচারীদেরও দেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে সবাই মিলে এটি উপভোগ করেছি।
সূত্র: ঢাকা পোষ্ট









.webp)

