শনিবার   ০২ মে ২০২৬ || ১৮ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:১১, ২ মে ২০২৬

নাটোরে ঠিকাদারকে মারধর করলেন ছাত্রদল নেতা

নাটোরে ঠিকাদারকে মারধর করলেন ছাত্রদল নেতা
সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পের সাব-ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতার নাম শুভ। শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার মাছিমপুর এলাকায় নির্মাণাধীন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের কাজ চলছে। ৮ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা ব্যয়ের এই প্রকল্পের কার্যাদেশ পেয়েছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন ওয়ার্কস। সম্প্রতি প্রকল্পের সীমানাপ্রাচীর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালির পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে ছাত্রদল নেতা শুভ ও বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন প্রকল্প এলাকায় যান। সেখানে উপস্থিত সাব-ঠিকাদার মাহবুব হোসেনের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাহবুব হোসেনকে মারধর করেন ছাত্রদল নেতা শুভ।

মারধরের কথা স্বীকার করে শুভ বলেন, স্টেডিয়ামে তিন নম্বর ইট ও বালুর জায়গায় মাটি ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে কথা বলতে গেলে ঠিকাদার বলেন আমরা ধান্দা করতে গেছি। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একটা থাপ্পড় মেরেছি।

পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনিয়মের বিষয়ে কথা বলতে গিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে শুভ রাগ করে চড় মারেন।

সাব-ঠিকাদার মাহবুব হোসেন বলেন, কাজে অনিয়ম থাকলে কর্তৃপক্ষকে জানানো যেতে পারে। কিন্তু সে কারণে গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, ছাত্রদলের কোনো কর্মী অনিয়মের তদন্ত করতে পারেন না। তারা বড়জোর যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে পারেন। মারধরের ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

শনিবার   ০২ মে ২০২৬ || ১৮ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন