ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩০
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন শিশু ভর্তি হয়েছে। এই সময়ে এক শিশুর মৃত্যু হয়েছে, যা সন্দেহজনক হাম হিসেবে উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৯ মাস বয়সী এক ছেলে শিশু গত ২৮ এপ্রিল দুপুর ১টা ৫০ মিনিটে হাসপাতালে ভর্তি হয় এবং গতকাল (২ মে) দুপুর ১২টা ২০ মিনিটে মারা যায়। চিকিৎসকদের মতে, তার মৃত্যুর কারণ হিসেবে সন্দেহজনক হাম, সঙ্গে নিউমোনিয়া ও হার্টের সমস্যা বলে উল্লেখ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে মোট ৮২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩০ শিশু ভর্তি হয়। একই সময়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৩০ শিশু।
এদিকে, গত ১৭ মার্চ থেকে রোববার সকাল পর্যন্ত মোট ভর্তি হয়েছে ১ হাজার ৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪১ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে।
রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় ৩০ শিশু নতুন করে ভর্তি হয়েছে। একই সময়ে একজন শিশুর মৃত্যু হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট









.avif)
