সোমবার   ২৩ নভেম্বর ২০২৬ || ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ২০:২০, ২১ নভেম্বর ২০২৬

৯ সেনার সাহসিকতা থেকে বিশ্বশান্তি: বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবগাঁথা

৯ সেনার সাহসিকতা থেকে বিশ্বশান্তি: বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবগাঁথা
সংগৃহীত

দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং আধুনিক সামরিক কূটনীতিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আজ এক গুরুত্বপূর্ণ জাতীয় শক্তি।

মধ্য আফ্রিকার একটি জনপদ। চারদিকে উত্তেজনা। ২০০ থেকে ২৫০ জনের একটি উত্তেজিত জনতা এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে ঘিরে রেখেছে একটি বাড়ি। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে যেকোনো মুহূর্তে প্রাণহানির আশঙ্কা। খবর পেয়ে সেখানে ছুটে গেলেন মাত্র নয়জন বাংলাদেশি শান্তিরক্ষী। লেফটেন্যান্ট হোসাইন রফিউ আহমেদের নেতৃত্বে তাঁরা স্থানীয় প্রশাসনের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে উদ্ধার করলেন আবদুলাই মামাদু নামের ওই ব্যক্তিকে। পরে তাঁকে চিকিৎসার জন্য রাজধানী বাঙ্গুইয়ে পাঠানো হয়।

২০১৫ সালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বোয়ালি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি বাংলাদেশের সামরিক ইতিহাসের একটি মানবিক অধ্যায়। এটি ছিল এমন এক পরিস্থিতি, যেখানে অস্ত্রের চেয়েও বড় হয়ে উঠেছিল বিবেক, সাহস ও মানবিক দায়িত্ববোধ। বিদেশের মাটিতে বিপন্ন একজন মানুষের জীবন বাঁচাতে কয়েকজন বাংলাদেশি সেনাসদস্যের এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, একটি বাহিনীর প্রকৃত শক্তি শুধু যুদ্ধজয়ের সক্ষমতায় নয়, মানুষের জীবন রক্ষার সাহসেও প্রকাশ পায়।

আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী সমন্বিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটেই দিবসটি পালিত হয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া এই বাহিনী আজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

সশস্ত্র বাহিনীর জীবনযাপন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো কঠোর শৃঙ্খলা। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, নিয়মিত শরীরচর্চা, প্রশিক্ষণ, পরিচ্ছন্নতা, পোশাক-পরিচ্ছদে পরিপাট্য, সময়ানুবর্তিতা এবং দায়িত্ব পালনে নিষ্ঠা একজন সামরিক সদস্যের দৈনন্দিন জীবনের অংশ। এর সঙ্গে যুক্ত হয় মানসিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি, প্রতিকূল পরিবেশে সিদ্ধান্ত গ্রহণ এবং দলগতভাবে কাজ করার দক্ষতা।

দেশের তরুণ প্রজন্মের জন্য এই জীবনদর্শনে রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা। বেকারত্ব, মাদকাসক্তি, হতাশা ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের বিরুদ্ধে আত্মনিয়ন্ত্রণ, শরীরচর্চা, নিয়মানুবর্তিতা এবং কর্মমুখী মানসিকতা হতে পারে কার্যকর সামাজিক প্রতিরোধ। সামরিক বাহিনীতে যোগদান সবার লক্ষ্য না হলেও সামরিক জীবনের ইতিবাচক গুণগুলো প্রত্যেক তরুণের ব্যক্তিগত ও সামাজিক জীবনে চর্চা করা সম্ভব। একটি সুস্থ, কর্মক্ষম ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে এই মূল্যবোধের গুরুত্ব অনস্বীকার্য।

জাতীয় নিরাপত্তা ও দুর্যোগে মানুষের পাশে

একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা অপরিহার্য। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমান্ত, বঙ্গোপসাগর এবং ক্রমবর্ধমান সামুদ্রিক অর্থনীতির নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ভূমিকা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, দুর্যোগের সময় জনগণের পাশে দাঁড়ানো এই বাহিনীর অন্যতম মানবিক দায়িত্ব। ঘূর্ণিঝড় সিডর, আইলা, বিভিন্ন বন্যা এবং সাম্প্রতিক সময়ের প্রাকৃতিক দুর্যোগে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে প্রায় ১৩ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালের আগস্টে পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় সশস্ত্র বাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আবারও প্রমাণ করেছে, জাতীয় সংকটে তাদের দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ।

বিশ্বশান্তিতে বাংলাদেশের গৌরব

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক পরিচয়ের সবচেয়ে উজ্জ্বল ক্ষেত্র জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম। ১৯৮৮ সালে ১৫ জন সামরিক পর্যবেক্ষক পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশের এই যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

২০২৬ সালের জুনে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের দুই লাখের বেশি সদস্য বিশ্বের ৪৩টি দেশে প্রায় ৬৩টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ১৭৫ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন বলে ওই অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

এই আত্মত্যাগ কেবল একটি পরিসংখ্যান নয়। এর পেছনে রয়েছে অসংখ্য পরিবারের অপেক্ষা, স্বজন হারানোর বেদনা এবং বিশ্বশান্তির জন্য বাংলাদেশের অবদান। সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক মানুষের নিরাপত্তা, চিকিৎসা, মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সদস্যরা আন্তর্জাতিক আস্থা অর্জন করেছেন।

সামরিক কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক

আধুনিক বিশ্বে সামরিক শক্তির পাশাপাশি প্রতিরক্ষা কূটনীতিও রাষ্ট্রের মর্যাদা ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে নিযুক্ত ডিফেন্স অ্যাটাশি বা সামরিক উপদেষ্টারা সংশ্লিষ্ট দেশের সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, প্রশিক্ষণ বিনিময়, প্রতিরক্ষা সংলাপ, যৌথ মহড়া এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছেন।

এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের সামরিক সম্পর্ক সুদৃঢ় হচ্ছে। একই সঙ্গে আধুনিক সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও কৌশল সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। সামরিক কূটনীতির এই কার্যক্রম বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আধুনিকায়নে সরকারের অঙ্গীকার

পরিবর্তিত বিশ্বব্যবস্থায় প্রতিরক্ষার ধারণাও বদলে যাচ্ছে। এখন শুধু স্থল, নৌ ও আকাশসীমা রক্ষা যথেষ্ট নয়। সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট নজরদারি, ইলেকট্রনিক যুদ্ধ এবং সামুদ্রিক নিরাপত্তা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার অপরিহার্য অংশ।

এ বাস্তবতা বিবেচনায় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের ২৬ জুলাই ২০২৬ তারিখের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সেনাসদর নির্বাচন বোর্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, প্রতিরক্ষা আধুনিকায়নে সংখ্যার পরিবর্তে সক্ষমতা, সামরিক সরঞ্জাম বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত উদ্ভাবন এবং একক বাহিনীকেন্দ্রিক উন্নয়নের পরিবর্তে যৌথ সক্ষমতার ওপর গুরুত্ব দিতে হবে।

এই বক্তব্য সরকারের প্রতিরক্ষা আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। তবে এর বাস্তব সাফল্য নির্ভর করবে পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন, পর্যাপ্ত প্রশিক্ষণ, গবেষণা, দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং সামরিক প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির ওপর। আধুনিকায়ন যেন শুধু অস্ত্র ও সরঞ্জাম কেনাকাটায় সীমাবদ্ধ না থাকে, সেটিও নিশ্চিত করতে হবে।

প্রত্যাশা ও অঙ্গীকার

সশস্ত্র বাহিনীর প্রকৃত মর্যাদা শুধু তার সামরিক শক্তিতে নয়, পেশাদারিত্ব, শৃঙ্খলা, নৈতিকতা, সাংবিধানিক দায়বদ্ধতা এবং জনগণের আস্থার মধ্যেও নিহিত। একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধানের প্রতি আনুগত্য, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং বেসামরিক কর্তৃপক্ষের সাংবিধানিক কর্তৃত্ব মেনে চলা এই প্রতিষ্ঠানের শক্তিকে আরও সুদৃঢ় করে।

মধ্য আফ্রিকার সেই নয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর কথা আবারও স্মরণ করি। তারা সেদিন শুধু একজন মানুষের জীবন বাঁচাননি, বিদেশের মাটিতে বাংলাদেশের মানবিক পরিচয়ও তুলে ধরেছিলেন।

যে বাহিনীর জন্ম মুক্তিযুদ্ধের রণাঙ্গনে, তার সর্বোচ্চ সার্থকতা হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্বমানবতার কল্যাণে অবদান রাখা।

সশস্ত্র বাহিনী দিবসে দেশের প্রতিটি সেনা, নৌ ও বিমানসেনার প্রতি গভীর শ্রদ্ধা। বিশ্বশান্তির জন্য জীবন উৎসর্গকারী বীর সদস্যদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা। বাংলাদেশের সশস্ত্র বাহিনী হোক শক্তি, শৃঙ্খলা, মানবিকতা ও জাতীয় গৌরবের অবিচল প্রতীক।

সর্বশেষ

অনলাইন জরিপ

সোমবার   ২৩ নভেম্বর ২০২৬ || ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম