সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ || ১৩ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:৩০, ২৭ এপ্রিল ২০২৬

নয় মাসে সাবমেরিন কেবলসের মুনাফা বেড়েছে ৫৬ শতাংশ

নয় মাসে সাবমেরিন কেবলসের মুনাফা বেড়েছে ৫৬ শতাংশ
সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) আয় ও নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৩৩ দশমিক ৮৬ শতাংশ ও নিট মুনাফা বেড়েছে ৫৬ দশমিক ৪৬ শতাংশ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় হয়েছে ৩২০ কোটি টাকা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৩৯ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১৯ কোটি টাকা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৪০ কোটি টাকা।

এদিনে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে সাবমেরিন কেবলসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১ টাকা ৭১ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৪৯ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৮ টাকা ৭১ পয়সায়।

২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাংলাদেশ সাবমেরিন কেবলসের পরিচালনা পর্ষদ। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা, আগের বছরে যা ছিল ৯ টাকা ৭৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সায়। 

২০২৩-২৪ অর্থবছরেও বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলসের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১৮৭ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ টাকা।

মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ৮৪৩। এর ৭৬ দশমিক ৯৪ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৭ দশমিক ৫২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫ দশমিক ৪৭ শতাংশ শেয়ার রয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ || ১৩ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন