শুক্রবার   ০১ মে ২০২৬ || ১৭ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৫৩, ১৩ মার্চ ২০২৬

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’
সংগৃহীত

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। তার কালজয়ী সুর আর মায়াবী কণ্ঠ দশকের পর দশক ধরে মুগ্ধ করে রেখেছে কোটি শ্রোতাকে। সম্প্রতি এই গুণী শিল্পীকে নিয়ে নেওয়া একটি বিশেষ উদ্যোগের প্রশংসা করে আবেগঘন পোস্ট দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। 

সাবিনা ইয়াসমিনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তার দীর্ঘায়ু কামনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান লিখেছেন, ‘কিছু গান এবং কিছু গুণী শিল্পীর কোনো বিকল্প হয় না। হয় না মানে হয় না। ২০২৬-এ এসে এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়।’

সাবিনা ইয়াসমিনের কালজয়ী গানগুলো নতুন আঙ্গিকে এবং প্রেক্ষাগৃহের পরিবেশে শোনার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ইমরান। তিনি বলেন, ‘জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ম্যাডামের কালজয়ী গান আবারও নতুনভাবে উনার কণ্ঠে শুনতে এবং হলে উপভোগ করতে পারবো, এটাই ভাগ্যের। ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি। ‘দম’ টিমকে স্যালুট।’

একজন গানের মানুষ হিসেবে গুণী শিল্পীদের প্রতি এমন সম্মান প্রদর্শন ইমরানকে আপ্লুত করেছে। তার কথায়, ‘আমি গানের মানুষ, তাই গুণী শিল্পীর পৃষ্ঠপোষকতা দেখলে আমি সবসময় আনন্দিত হই। "এই মন তোমাকে দিলাম"-এর মতো সুন্দর, স্বচ্ছ ও সুইট প্রেমের গান উপমহাদেশে কম আছে।’

পোস্টের শেষে ইমরান এই গানের পেছনের কারিগরদের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি লেখেন, ‘সালাম জানাই এই গানের সুরকার ও গীতিকার শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ স্যার ও গাজী মাজহারুল আনোয়ার স্যারকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি এই গুণী দুই মানুষকে।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

শুক্রবার   ০১ মে ২০২৬ || ১৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন