বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ || ১১ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৫৯, ২৬ মার্চ ২০২৬

হালদা নদীতে রাতে অভিযান, ২টি জাল জব্দ

হালদা নদীতে রাতে অভিযান, ২টি জাল জব্দ
সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে দুটি অবৈধ জাল জব্দ করা হয়।

হাটহাজারী উপজেলা মৎস্য দপ্তর জানায়, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র সুরক্ষা, মা মাছের প্রজনন পরিবেশ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী।

এসময় রামদাশমুন্সীর হাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত অভিযান চালিয়ে গড়দুয়ারা ও ছিপাতলী এলাকা থেকে একটি করে মোট দুটি চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ১২০০ মিটার এবং আনুমানিক বাজার মূল্য ৩৫ হাজার টাকা।

মৎস্য অধিদপ্তর জানায়, নিয়মিত অভিযানের ফলে নদীতে অবৈধ জালের ব্যবহার কমে এসেছে। খুব শিগগিরই এটি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে অতি শিগগিরই ১৫০ থেকে ২০০ জন জেলেকে হালদা প্রকল্পের আওতায় উপকরণ সহায়তা দেওয়া হবে।

হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ মা মাছ শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: ঢাকা পোষ্ট