সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ || ১৩ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:১৪, ২৭ এপ্রিল ২০২৬

ঢাকায় ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকায় ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সংগৃহীত

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এভিয়েশন ডট কম ডট বিডি-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক দিনব্যাপী এক ইন্ডাস্ট্রি কর্মশালা। পর্যটন খাতের দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞ পর্যটন পেশাজীবীদের পাশাপাশি এ খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণরাও ছিলেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মশালায় ছিল প্রেজেন্টেশন, দলীয় কাজ এবং বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে মতবিনিময় সেশন। একজন পেশাদার ট্যুর গাইডের দায়িত্ব, যোগাযোগ দক্ষতা এবং পরিচালনাগত বিভিন্ন দিক নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন জার্নি প্লাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক তৌফিক রহমান। ইনবাউন্ড টুরিজম ও হসপিটালিটি শিক্ষা খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এ বিশেষজ্ঞ পর্যটন শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে তার মূল্যবান দিকনির্দেশনা দেন।

কর্মশালা প্রসঙ্গে তৌফিক রহমান বলেন, পর্যটন খাতের উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। প্রশিক্ষণার্থীদের মধ্যে যে আগ্রহ আমি দেখেছি তা সত্যিই আশাব্যঞ্জক। এভিয়েশন ডট কম ডট বিডির মতো প্ল্যাটফর্মগুলো ইন্ডাস্ট্রির অভিজ্ঞতার সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা দীর্ঘমেয়াদে আমাদের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে।

এভিয়েশন ডট কম ডট বিডির প্রতিষ্ঠাতা ও সিইও হারুনুর রশিদ তার বক্তব্যে বলেন, আমাদের মূল উদ্দেশ্য ছিল অভিজ্ঞ বিশেষজ্ঞ এবং তরুণদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করা, যাতে তারা বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারে। আমরা  তৌফিক রহমানের প্রতি কৃতজ্ঞ, আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাই আমাদের পার্টনার এম৩৬০ আইসিটি এবং দি বাংলাদেশ মনিটর-কে। এটি একটি উদাহরণ যে কীভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইন্ডাস্ট্রিকে উৎসাহিত করা সম্ভব। এভিয়েশন ডট কম ডট বিডির লক্ষ্যই হলো— কানেক্ট, কোলাবোরেট, প্রোমোট, ইন্সপায়ার।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই তাত্ত্বিক প্রশিক্ষণের ধারাবাহিকতায় শিগগিরই একটি ‘হ্যান্ডস-অন ফিল্ড ট্রিপ’ প্রোগ্রাম আয়োজন করা হবে। সেখানে অংশগ্রহণকারীরা দেশের জনপ্রিয় পর্যটন গন্তব্য ভ্রমণের মাধ্যমে পর্যটকদের সেবা দেওয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।

দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশের পর্যটন খাতের সামগ্রিক ইকোসিস্টেম শক্তিশালী করতে এভিয়েশন ডট কম ডট বিডি নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ || ১৩ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন