মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ
শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার বেশি কোনো মেডিকেল সেন্টার দাবি করতে পারবে না। কর্মীদেরও মেডিকেল পরীক্ষার ফি বাবদ কোনো অবস্থাতেই এর বেশি অর্থ না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যে কোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
কোনো রিক্রুটিং এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি অর্থ দাবি করলে কিংবা হয়রানি, তালবাহানা বা অন্য কোনো ধরনের অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে। এ জন্য `secretary@probashi.gov.bd` ইমেইলে অভিযোগ পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।







