মধ্যপ্রাচ্য উত্তেজনা : ইন্ডিয়া গেটে বলিউডের ইভেন্ট স্থগিত
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাত ও বৈশ্বিক অস্থিরতার প্রভাব পড়েছে বলিউডেও! আসন্ন বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’ এর প্রোজেক্টে মূলত পড়েছে যুদ্ধের প্রভাব। সিনেমাটি নিয়ে একটি বড় আয়োজনের কথা ছিল সংশ্লিষ্টদের। কিন্তু তা হচ্ছে না।
ভারতীয় গণমাধ্যমের খবর, অভিনেতা রণবীর কাপুরের এই বহুল প্রতিক্ষীত সিনেমার টিজার ও ফার্স্ট লুক প্রকাশের জন্যই ছিল এই হাই ভোল্টেজ ইভেন্ট। কিন্তু সার্বিক বিবেচনায় আপাতত সিনেমা নিয়ে কিছুই প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা।
চলতি মাসের শেষ দিকে রামনবমী উপলক্ষে দিল্লির ইন্ডিয়া গেটে এক বিশাল আয়োজনের পরিকল্পনা করেছিলেন পরিচালক নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা। সেখানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী থেকে শুরু করে বিনোদন জগতের শীর্ষ তারকাদের উপস্থিত থাকার কথা ছিল। তবে নির্মাতারা মনে করছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এমন জাঁকজমকপূর্ণ উদযাপনের আয়োজন করা সমীচীন হবে না। তাই সাময়িকভাবে হাই-ভোল্টেজ এই ইভেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে এই সিনেমার জন্য রণবীর কাপুরের কঠোর প্রস্তুতি ও জীবনযাত্রায় পরিবর্তনের খবর আলোচনায় এসেছিল। পৌরাণিক এই চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে তিনি দীর্ঘ সময় ধরে নিবিড় শ্রম দিয়েছেন। ভক্তরা দীর্ঘ দিন ধরে রণবীর ও সাই পল্লবীকে রাম-সীতা লুকে দেখার অপেক্ষায় থাকলেও বৈশ্বিক উত্তেজনার কারণে সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো।
তবে বড় অনুষ্ঠানের পরিবর্তে নির্মাতারা এখন সরাসরি সামাজিকমাধ্যমে সিনেমার ডিজিটাল ঝলক প্রকাশের কথা ভাবছেন।
সূত্র: ঢাকা পোষ্ট



.jpg)





.jpg)


.jpg)




