বুধবার   ০৪ মার্চ ২০২৬ || ১৯ ফাল্গুন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৪৮, ৪ মার্চ ২০২৬

‘খারাপ সময় কাটাতে মাইন্ড-ট্রেনিং করেছি, পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত’

‘খারাপ সময় কাটাতে মাইন্ড-ট্রেনিং করেছি, পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত’
সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। এবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে চলতি বছর টাইগাররা প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামবে। যার প্রস্তুতিটা সেরেছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল টুর্নামেন্ট দিয়ে। এর আগে মাঝে কিছুদিনে ওয়ানডেতে খেলা হয়নি বাংলাদেশের। 

ওয়ানডে ফরম্যাটে ফেরার আগে এবারের বিসিএলকে প্রস্তুতির ভালো মঞ্চ হিসেবে দেখছেন সাইফ হাসান। নর্থ জোনের বিপক্ষে গতকাল (মঙ্গলবার) তিনি ৮৮ রানের ইনিংস খেলে সেন্ট্রাল জোনকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন। যদিও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে ডানহাতি এই ব্যাটারের।

ম্যাচ শেষে সাইফ জানান, ‘সেঞ্চুরির আক্ষেপ সবারই থাকে। তবে জয়ে অবদান রাখায় আলহামদুলিল্লাহ। যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের জন্য এই টুর্নামেন্ট খুব ভালো প্রস্তুতি হলো। চারটা ম্যাচ খেলতে পেরেছি। এখান থেকে যদি নিতে পারি, সামনে প্রস্তুত হয়ে নামতে পারব।’

এবারের বিসিএলে বগুড়া, রাজশাহীর উইকেট নিয়ে সন্তুষ্ট প্রায় সবাই। যার ফাইনালটা হয়েছে মিরপুরে। এখানকার উইকেট নিয়ে সাইফ জানান, ‘উইকেট ওখানে (বগুড়া-রাজশাহী) খুব ভালো ছিল। এখানেও ভালো ছিল না তা না। স্পোর্টিং উইকেট ছিল। যেহেতু আমাদের (পাকিস্তান) সিরিজ এখানে। খুব ভালো প্রস্তুতিই হলো। অনেকদিন পর ওয়ানডে ম্যাচে নামছি। যে চার ম্যাচ খেলেছি, অবশ্যই অনেক সহায়তা করবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ভিন্ন প্যাটার্ন।’

টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও মানিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী এই ব্যাটিং অলরাউন্ডার, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমার জন্য সুযোগ। যত ইমপ্রেস করতে পারব তত ভালো। ছয়টা ওয়ানডে খেলেছি টি-টোয়েন্টির ফাঁকে ফাঁকে। খুব বেশি ঝামেলা হবে না। প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ এখানে। সবসময় তো একরকম যাবে না। উত্থানপতন থাকবেই। খারাপ সময় কাটিয়ে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ। মাইন্ড ট্রেনিং করেছি। যেহেতু ধারাবাহিকভাবে দুঃসময় যাচ্ছিল। এগুলো অনেক সহায়তা করে। যতই ট্রেনিং-জিম-রানিং করি, মেন্টাল কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ। সবাই হেল্প করেছে– ফ্রেন্ড, ফ্যামিলি সবাই।’

প্রসঙ্গত, আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। এরপর ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে। যদিও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে নির্ধারিত সময়ে পাকিস্তানের ফ্লাইট ধরা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। 

এসএইচ/এএইচএস

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ