শুক্রবার   ২০ মার্চ ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৫৮, ২০ মার্চ ২০২৬

পিএসএল খেলতে কবে দেশ ছাড়বেন মুস্তাফিজ-রিশাদরা

পিএসএল খেলতে কবে দেশ ছাড়বেন মুস্তাফিজ-রিশাদরা
সংগৃহীত

আগামী ২৬ মার্চ থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে। এখন পর্যন্ত পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পেয়েছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। ঈদের দু’দিন পর ২৩ মার্চ সকালে তারা পিএসএল খেলতে দেশ ছাড়বেন। নিউজিল্যান্ড সিরিজ থাকায় ১৩ মার্চ ফিরে আসার কথা রয়েছে মুস্তাফিজ-রিশাদদের।

এবারের পিএসএলে সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। পরে শরিফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিমও প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে মুস্তাফিজ ও পারভেজ ইমন খেলবেন লাহোরের জার্সিতে। এ ছাড়া রানা, শরিফুল ও তামিম পেশোয়ার জালমি এবং রিশাদ রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) হয়ে মাঠে নামবেন।

ঘরের মাটিতে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এই মুহূর্তে লিটন-শান্তদের আর আন্তর্জাতিক ব্যস্ততা নেই। ক্রিকেটাররা যে যার মতো ঈদের ছুটি কাটাতে গিয়েছেন। তবে উৎসবের আমেজ ভেঙে খুব দ্রুতই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ছুটতে হবে ইমন-রানা-রিশাদদের। পিএসএলের জন্য বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেতে তাদের এবার কোনো বেগ পেতে হয়নি।

অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছেন, সবারই এনওসি মঞ্জুর হয়েছে। তবে নিউজিল্যান্ড সিরিজ থাকায় নিদিষ্ট সময়ের (১২ এপ্রিল পর্যন্ত) জন্য তারা ছাড়পত্র পেয়েছেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা।

প্রসঙ্গত, আগামী ২৬ মার্চ পিএসএলের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়রাবাদ হিউস্টন। অর্থাৎ, আসরের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজ-ইমনের। অন্যদিকে, ২৮ মার্চ প্রথম ম্যাচ রয়েছে রিশাদ, রানা ও শরিফুলের। তিনজনই একাদশে থাকলে ওই ম্যাচে রানা-শরিফুলের পেশোয়ার জালমি লড়বে রিশাদের রাওয়ালপিন্ডির বিপক্ষে। একইভাবে মুস্তাফিজ-ইমনের লাহোর কালান্দার্সের বিপক্ষেও ম্যাচ রয়েছে পেশোয়ার ও রাওয়ালপিন্ডির। ফলে বাংলাদেশ জাতীয় দলের সতীর্থদের মুখোমুখি লড়াই দেখা যেতে পারে এবারের পিএসএলে।

সূত্র: ঢাকা পোষ্ট