হতাশা কাটিয়ে চ্যাম্পিয়ন ম্যানসিটি, অপেক্ষা বাড়ল আর্সেনালের
আর্সেনাল সর্বশেষ মেজর ট্রফি জয়ের ৬ বছর হয়েছে, লম্বা সময়ের খরা কাটানোর স্বপ্ন দেখছে এই মৌসুমে। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ এই দল মৌসুমের প্রথম ট্রফিই হাতছাড়া করল। হতাশার ঘোরে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৪ মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে যায় গানাররা। প্রথম গোল অবশ্য আর্সেনাল গোলরক্ষকের ভুলে হয়েছে। পরে আরেক গোল করে পেপ গার্দিওলার দল হতাশা কাটিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলল।
গতকাল (রোববার) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া এফএ কাপের ফাইনালে মিকেল আর্তেতার দলের ওপর আধিপত্য দেখাল সিটি। তাদের পক্ষে জোড়া গোল করেন নিকো ও’রাইলি। ম্যাচে ৬৩ শতাংশ বলের দখল রেখে ১০টি শট নেয় সিটি, এর মধ্যে লক্ষ্যে থাকা দুটি শটেই তারা সাফল্য পেয়েছে। বিপরীতে ৭ শটের ৩টি লক্ষ্যে থাকলেও বল জালে জড়ানো হয়নি আর্সেনালের।
যদিও এই ম্যাচের আগে সম্ভবত কিছুটা ব্যাকফুটেই ছিল সিটি। মাত্র কয়েকদিন আগে তারা রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগেই হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল। প্রিমিয়ার লিগেও সবশেষ দুই রাউন্ডে হোঁচট খায় সিটি। সেই হতাশা ছাপিয়ে গেছে এফএ কাপ ফাইনালের পারফরম্যান্সে। তবে শুরুটা ভালো ছিল আর্সেনালের। পরপর দারুণ তিনটি সুযোগ তৈরি করলেও অবশ্য সিটি গোলরক্ষক জেমস ট্রাফোর্ড তাদের হতাশ করেছেন।
প্রথমে কাই হাভার্টজের শট আটকেছেন, এরপর বুকায়ো সাকার দুটি প্রচেষ্টাও ট্রাফোর্ড পরাস্ত করে দেন। অন্যদিকে, শুরুর দিকে চাপে থাকা কিছুটা সামলে উঠে পাল্টা আক্রমণ চালায়। যদিও তাদের সেই চেষ্টা ঠিক আর্সেনালকে চ্যালেঞ্জে ফেলার মতো ছিল না। বিরতির আগে সিটি দুটি শট নিলেও লক্ষ্যে ছিল না কোনোটিই। দ্বিতীয়ার্ধে তাদের খেলায় গতি বাড়ে। আর্সেনালের রক্ষণকে ব্যস্ত রাখেন সিটি ফুটবলাররা। তবে শট ঠিকঠাক হচ্ছিল না। এরই মাঝে ৬০ মিনিটে ভুল করে বসেন আর্সেনাল গোলরক্ষক কেপা আরিজাবালাগা। নাগালের মধ্যে থাকা বল তিনি হাত ফসকে ফেলেন, গোলমুখে থাকা ও’রাইলি হেডে সেটি জালে জড়ান।
এরপর মিনিট চারেকের মাথায় সিটি ব্যবধান দ্বিগুণ করে। ম্যাথিউস নুনেসের ক্রসে উড়ে আসা বলে এবার হেড দিয়ে গোলটি করলেন। তরুণ লেফটব্যাকের এই দুই গোলেই ম্যাচের পার্থক্য গড়ে যায়। ম্যাচে ফিরতে মরিয়া আর্সেনালের দুটি শট ফিরেছে গোলপোস্ট থেকে। রিকার্ডো কালাফিওরির শট গোলপোস্টে লেগে ফেরার পর গ্যাব্রিয়েল জেসুসের হেডও ক্রসবারেই আটকে গেছে। ফলে সর্বশেষ ২০২০ সালের পর আরেকটি এফএ কাপ জয়ের আশা ভেস্তে গেল আর্সেনালের। বিপরীতে গার্দিওলা প্রথম কোচ হিসেবে এই টুর্নামেন্টে পঞ্চম শিরোপা জিতলেন।
এএইচএস
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)
.webp)










