সোমবার   ৩০ মার্চ ২০২৬ || ১৫ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:১৬, ৩০ মার্চ ২০২৬

কোহলির রেকর্ড ভাঙলেন রোহিত, ৫১০৭ দিন পর মুম্বাইয়ের প্রথম

কোহলির রেকর্ড ভাঙলেন রোহিত, ৫১০৭ দিন পর মুম্বাইয়ের প্রথম
সংগৃহীত

৫১০৭ দিন। অনেক অনেক লম্বা সময় পর মুম্বাই ইন্ডিয়ান্স তাদের আইপিএল শুরু করল জয় দিয়ে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২১ রানের টার্গেটে নেমে পাঁচ বল হাতে রেখে জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। 

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের এই জয়ে রোহিত শর্মা গড়েছেন রেকর্ড। আইপিএলে কোনো এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বাধিক রান এখন তার। কলকাতার বিপক্ষে ১১৬১ রান করে পেছনে ফেলেছেন পাঞ্জাব কিংসের বিপক্ষে ১১৫৯ রান করা বিরাট কোহলিকে।

রায়ান রিকেলটনকে নিয়ে ১৪৮ রানের ওপেনিং জুটি গড়েন রোহিত। ১২তম ওভারের এক বল বাকি থাকতে তিনি আউট হন মাত্র ৩৮ বলে ৭৮ রান করে। ছয়টি চার ও ছয়ে সাজানো ছিল তার এই ইনিংস। জয়ের ভিত গড়ে দিয়ে তিনি ফিরে গেলে রিকেলটন মুম্বাইয়ের কাজ আরও সহজ করে দেন। ১৫তম ওভারে দলীয় ১৮৪ রানে তিনি আউট হন ৪৩ বলে ৮১ রান করে। চারটি চার ও ৮ ছয় ছিল তার ইনিংসে।

এর আগে আজিঙ্কা রাহানের ৬৭ ও আংক্রিশ রাঘুবংশীর ৫১ রানের ইনিংসে ৪ উইকেটে ২২০ রান করেছিল কলকাতা। ফিন অ্যালেনের ঝড়ো শুরু ছিল। ১৭ বলে ৬ চার ও ২ ছয়ে ৩৭ রান করেন তিনি। কিন্তু বড় স্কোর করেও মুম্বাইয়ের কাছে পাত্তা পায়নি কলকাতা। ২০১২ সালের পর টানা ১৩ আসরে হার দিয়ে মৌসুম শুরুর গেরো কাটাল মুম্বাই।

সূত্র: ঢাকা পোষ্ট