বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়ে কঠোর অবস্থানে স্কালোনি
ঘনিয়ে আসছে বিশ্বকাপ। বাকি আর ৭২ দিন। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে কাদের রাখছে? প্রধান কোচ লিওনেল স্কালোনির কাছে ‘বেশ পরিষ্কার’ তালিকা রয়েছে। মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক উইন্ডোর শেষ দুই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করে চূড়ান্ত করে ফেলবেন স্কোয়াড।
মৌরিতানিয়ার বিপক্ষে ১৯ জন খেলোয়াড়কে অদলবদল করে খেলান স্কালোনি। অন্য খেলোয়াড়দের একটু সুযোগ দিতেই এত পরিবর্তন বললেন বিশ্বকাপজয়ী কোচ। আগামীকাল জাম্বিয়ার বিপক্ষে এই উইন্ডোর শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচেও খেলোয়াড়দের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করবেন স্কালোনি। সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড প্রসঙ্গে তিনি বললেন, ‘আমরা ইতোমধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ৫৫ জনের তালিকা জমা দিয়েছি, তারা সেটা ফিফার কাছে উপস্থাপন করবে। খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে আমরা তালিকা ছোট করব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে একদম শেষ মুহূর্তে। আমরা দলের জন্য যা সবচেয়ে ভালো হবে সেটাই ভাবব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। যদি পারফরম্যান্স সন্তোষজনক না হয়, তবে আমরা অবশ্যই কঠোর পদক্ষেপ নেব।’
সবশেষ স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ থাকলেও যারা পুরো চক্রজুড়ে দলের সঙ্গে ছিলেন, তারা সুবিধাজনক অবস্থানে আছেন বললেন ৪৭ বছর বয়সী কোচ, ‘শেষ ম্যাচগুলো খেলার গুরুত্ব কতটা, সেটা আমরা জানি। যারা আমাদের সঙ্গে অনেক দিন ধরে আছে, তারা এগিয়ে থাকবে, কারণ আমরা তাদের সম্পর্কে জানি।’ ১১৫তম র্যাংকিংয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের পর আত্মসমালোচক ছিলেন স্কালোনি। দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও দলের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওই ম্যাচে খেলোয়াড়দের আত্মউপলব্ধি নিয়ে কোচ বললেন, ‘এটা ভালো লক্ষণ যে, তারা (খেলোয়াড়রা) বুঝতে পেরেছে ম্যাচটা ভালো ছিল না। আশা করি, আমরা যে রূপে দলকে আবার দেখতে চাই, সেটা তারা করে দেখাবে।’
স্কালোনি যোগ করেছেন, বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটি ম্যাচের প্রতিপক্ষ সার্বিয়া, অন্যটি চূড়ান্ত হয়নি। এই দুটি ম্যাচের পরই ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হতে পারে বলে ধারণা। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রত্যেক দলকে ৩০ মের মধ্যে স্কোয়াড চূড়ান্ত করতে হবে। আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। এরপর ২২ ও ২৭ জুন ‘জে’ গ্রুপে তাদের খেলা যথাক্রমে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)


.webp)

.webp)






