সিটি ম্যাচের আগে বড় শঙ্কায় আর্সেনাল
আর্সেনাল যখন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা লড়াইয়ে একদম চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই নতুন করে ইনজুরির কবলে পড়েছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। হাঁটুর পুরোনো চোট নতুন করে মাথাচাড়া দেওয়ায় বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। দলের এমন কঠিন সময়ে ফিরতে না পেরে হতাশা প্রকাশ করেছে নরওয়ের এই মিডফিল্ডার।
স্পোর্টিং সিপির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পান ওডেগার্ড। এর আগে হাঁটুর চোটের কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। গত সপ্তাহে এফএ কাপে সাউদাম্পটনের বিপক্ষে ফিরেছিলেন। কিন্তু লিসবনে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আবারও একই চোটের শিকার হন। ওডেগার্ড নিজেই জানিয়েছেন, ‘পর্তুগালে সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে আমি হাঁটুতে সমস্যা অনুভব করি। সে কারণেই গত সপ্তাহে বোর্নমাউথের বিপক্ষে খেলতে পারিনি।’
আজ বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্পোর্টিং সিপির বিপক্ষে খেলতে পারছেন না ওডেগার্ড। তবে আর্সেনাল সমর্থকদের আসল চিন্তা আগামী রোববার ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে সিটির বিপক্ষে জয় বা অন্তত ড্র করা গানারদের জন্য বাধ্যতামূলক।
মৌসুমের এই সময়ে ওডেগার্ডের ব্যক্তিগত পরিসংখ্যানও বেশ মলিন। ইনজুরির কারণে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ১৩টি এবং চ্যাম্পিয়নস লিগে ১১টির মধ্যে মাত্র ৩টি ম্যাচে শুরু থেকে খেলতে পেরেছেন তিনি। নিজের অবস্থা নিয়ে ওডেগার্ড বলেন, ‘আমি ফেরার জন্য মরিয়া হয়ে আছি। লিগ এবং চ্যাম্পিয়নস লিগের এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলে আর্সেনাল পয়েন্ট টেবিলে ৯ পয়েন্টের ব্যবধান তৈরি করতে পারবে। কিন্তু ওডেগার্ডের মতো মূল খেলোয়াড়কে ছাড়া ইতিহাদে লড়াই করা মিকেল আরতেতার জন্য চ্যালেঞ্জটা পাহাড়সম।
সূত্র: ঢাকা পোষ্ট













.webp)
