টানা তিন আসরে তিন অঙ্ক ছুঁয়ে গেইলের পাশে সুদর্শন
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাই সুদর্শনের যাত্রাটা অনেকটাই রোলার-কোস্টারের মতো। এক ম্যাচে রান পাচ্ছেন তো টানা দুই-তিন ম্যাচ ফ্লপ! গতকালের আগে সর্বশেষ কয়েক ম্যাচে বেশ ভুগেছেন। কিন্তু গতকালের ম্যাচে ফিরেছেন স্বরূপে। পেয়েছেন সেঞ্চুরির দেখা।
শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১০০ রান করেন সুদর্শন। তার ৫৮ বলের ইনিংসটিতে ছিল পাঁচটি ছক্কা ও ১১টি চারের মার। এই ইনিংস খেলার পথে ক্রিস গেইলের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
এতদিন আইপিএলে টানা তিন আসরে সেঞ্চুরি করার কীর্তি ছিল শুধুই গেইলের। এবার এই এলিট ক্লাবে নাম লেখালেন সুদর্শন। ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
সর্বশেষ তিন মৌসুমের প্রতিটিতেই সেঞ্চুরি পেয়েছেন সুদর্শন। এর আগে বেঙ্গালুরুর জার্সিতে ২০১১, ১২ ও ১৩ সালে টানা সেঞ্চুরি করেন গেইল।
গতকাল আরেকটি রেকর্ডে গেইলকে ছাড়িয়ে যান সুদর্শন। সেঞ্চুরির করার পথে তিনি ২০০০ আইপিএল রানের মাইলফলকে পৌঁছান। নিজের ৪৭তম ইনিংসে এই কীর্তি গড়েছেন, পেছনে ফেলেছেন আগের রেকর্ডধারী ক্রিস গেইলকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার ৪৮ ইনিংস খেলে দুই হাজারি ক্লাবে নাম লেখান।
সূত্র: ঢাকা পোষ্ট







.webp)

.webp)





