এবার এশিয়া কাপে আইরিনরা, খেলতে পারবেন না অর্পিতা
এশিয়ান গেমসের নারী হকি বাছাই টুর্নামেন্ট খেলে ইন্দোনেশিয়া থেকে গতকাল (বৃহস্পতিবার) রাতে দেশে ফিরেছেন অর্পিতারা। প্রথমবারের মতো এশিয়ান গেমসে নিজেদের নাম লিখিয়ে ইতিহাস গড়েছেন নারী হকি খেলোয়াড়েরা। এই মাসেই আবার অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ খেলতে রওনা হতে হবে আইরিনদের।
২৯ মে জাপানে শুরু হবে অ-১৮ এশিয়া কাপ। বাংলাদেশ হকি ফেডারেশন বালক-বালিকা উভয় বিভাগে এন্ট্রি দিয়েছে। এই টুর্নামেন্ট সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল (অব) রিয়াজুল হাসান বলেন, ‘জাপানে দুটি দল পাঠানো অনেক খরচ। এরপরও আমরা কষ্ট করে হলেও দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ছেলেদের দল অনুশীলনে আছে। মেয়েরা মাত্র ফিরল, আবার তারা অনুশীলন শুরু করবে।’
গত বছর চীনে এশিয়া কাপ হকির অ-১৮ টুর্নামেন্ট হয়েছিল। নারী দল প্রথম অংশগ্রহণ করেই ব্রোঞ্জ জিতেছিল। বালক দল চতুর্থ হয়েছিল। বাংলাদেশ বালক দল চীন,মালয়েশিয়া ও পাকিস্তানের সঙ্গে বি গ্রুপে পড়েছে। নারী দলও বি গ্রুপে লড়বে চীন, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপানের বিপক্ষে। গতবারের মতো এবারও জাহিদ হোসেন রাজু ও মওদুদুর রহমনা শুভর যথাক্রমে বালক-বালিকা দলের দায়িত্ব নেওয়ার কথা।
বালক-বালিকা দুই দলই বিকেএসপি নির্ভর। বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা পাল বিকেএসপির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বাংলাদেশে সাধারণত এইচএসসি শিক্ষার্থীর বয়স ১৭-১৮ হয়। সেখানে অর্পিতা পাল ওই ক্লাসের শিক্ষার্থী হয়েও বয়স বিশ! তাই অ-১৮ এশিয়া কাপ খেলতে পারবেন না তিনি।
সূত্র: ঢাকা পোষ্ট












.webp)



