সোমবার   ০৯ মার্চ ২০২৬ || ২৪ ফাল্গুন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:১৯, ৯ মার্চ ২০২৬

বিপিসিতে বড় রদবদল, একাধিক কর্মকর্তার বদলি

বিপিসিতে বড় রদবদল, একাধিক কর্মকর্তার বদলি
সংগৃহীত

জ্বালানি নিয়ে তৈরি হওয়া অস্থিরতার মধ্যেই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) বড় ধরনের রদবদল করা হয়েছে।

রোববার (৮ মার্চ) এক অফিস আদেশের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের একাধিক কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে জানানো হয়, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ হোসেন ভুঁইয়া এখন থেকে বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বাণিজ্য ও অপারেশন বিভাগের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মণিলাল দাশকে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ বিভাগ থেকে মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে বদলি করা হয়েছে বাণিজ্য ও অপারেশন বিভাগে।

এদিকে বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। উপমহাব্যবস্থাপক জাহাঙ্গীর কবিরকে অর্থ বিভাগের মহাব্যবস্থাপকের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রশাসনিক এই রদবদলে আরও জানানো হয়, উপমহাব্যবস্থাপক শাহরিয়ার মোহাম্মদ রাশেদকে বণ্টন ও বিপণন বিভাগ থেকে সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ব্যবস্থাপক ইসতিয়াক হোসেনকে হিসাব/ফান্ড হিসাব বিভাগ থেকে বণ্টন ও বিপণন বিভাগে এবং ব্যবস্থাপক বদরুল ইসলাম ফকিরকে বণ্টন ও বিপণন বিভাগ থেকে নিরীক্ষা বিভাগে বদলি করা হয়েছে। নিরীক্ষা বিভাগ থেকে ব্যবস্থাপক আল-আমীনকে বদলি করা হয়েছে হিসাব/ফান্ড বিভাগে।

এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম থেকে সিনিয়র সেলস্ অফিসার শিশির আইচকে বিপিসির বণ্টন ও বিপণন বিভাগে এবং যমুনা অয়েল থেকে লিগ্যাল অ্যান্ড এস্টেটের আবু নোমান মুহাম্মদ মঈন উদ্দীন শিবলীকে বিপিসির আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। নিরীক্ষা বিভাগ থেকে কনিষ্ঠ কর্মকর্তা গোলাম রব্বানীকে বদলি করা হয়েছে সংস্থাপন শাখায়।

আদেশে উল্লেখ করা হয়েছে, বদলি, পদায়ন ও সংযুক্তকৃত কর্মকর্তাদের আগামীকাল সোমবারের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তাদের তাৎক্ষণিক অবমুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

সর্বশেষ