শনিবার   ১১ এপ্রিল ২০২৬ || ২৭ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪২, ১১ এপ্রিল ২০২৬

সুন্দরবনে ডাকাত সন্দেহে ধাওয়া, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ও ৪ কার্তুজ

সুন্দরবনে ডাকাত সন্দেহে ধাওয়া, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ও ৪ কার্তুজ
সংগৃহীত

সাতক্ষীরা সুন্দরবনের কোবাদক স্টেশন এলাকায় ডাকাত সন্দেহে একদল দুষ্কৃতিকারীকে ধাওয়া করে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করেছে বন বিভাগ। বন রক্ষীদের ধাওয়ার মুখে সাত রাউন্ড ফাঁকা গুলির শব্দে দুষ্কৃতিকারীরা বনের গহিনে পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের নির্দেশনায় সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে কোবাদক স্টেশন ও বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা জেলে ও মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিলেন।

টহল চলাকালে সংরক্ষিত সুন্দরবনের কোবাদক স্টেশনাধীন কঞ্চির খালের বাইনতলা এলাকায় বনের ভেতরে আনুমানিক ৭ থেকে ৮ জন দুষ্কৃতিকারীর অবস্থান টের পাওয়া যায়। এ সময় ডাকাত সন্দেহে বন বিভাগের সদস্যরা তাদের ধাওয়া করেন। পরে ৭ রাউন্ড ফাঁকাগুলি ছোড়া হলে দুষ্কৃতিকারীরা এলোপাতাড়িভাবে সুন্দরবনের গহিনে পালিয়ে আত্মগোপন করে। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) ও ৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বন বিভাগ জানায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম গত ১ এপ্রিল শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মধু আহরণ উদ্বোধনী অনুষ্ঠান-২০২৬ এ বনদস্যুদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় সুন্দরবনে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান থাকবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ