বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ || ২ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৩২, ১৬ এপ্রিল ২০২৬

ঝড়ে গাছ উপড়ে রেললাইনে, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

ঝড়ে গাছ উপড়ে রেললাইনে, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল
সংগৃহীত

ঝড়ের কারণে গাছ উপড়ে রেললাইনের ওপর পড়ে যাওয়ায় প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকার কাছে ঝড়ের কারণে একটি বড় গাছ উপড়ে গিয়ে সরাসরি রেললাইনের ওপর পড়ে, ফলে ওই পথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এ সময় ময়মনসিংহগামী ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি আটকে পড়ে। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পাওয়ার পর রাত প্রায় ১০টার দিকে উদ্ধারকাজ শুরু হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গাছটি বড় হওয়ায় তা অপসারণ করতে সময় লেগেছে। টানা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ১টার দিকে গাছটি সম্পূর্ণভাবে রেললাইন থেকে সরানো সম্ভব হয়।

পরে রেলপথ পরিষ্কার করা হলে ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়। প্রায় চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ