কর্ণফুলীতে অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মো. রুবেল (২৬) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেঙ্গার গোষ্ঠী বাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল ওই এলাকার মো. সেলিমের ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে টাকা-পয়সাসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে রুবেলের সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। স্বজনদের দাবি, রুবেল প্রায়ই পরিবারের কাছে টাকা দাবি করতেন, যা নিয়ে প্রায়ই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতো।
একই বিষয় নিয়ে বুধবার বিকেলেও পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সবার অগোচরে তিনি নিজের ঘরে গিয়ে সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: ঢাকা পোষ্ট















