সিমেন্ট ব্যবসায়ীর বাসায় মিলল মজুত করা পেট্রোল-ডিজেল
রংপুরের মিঠাপুকুরে সিমেন্টের দোকানের আড়ালে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অভিযোগে মাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ২৫ লিটার পেট্রোল এবং ৬০ লিটার ডিজেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, মঙ্গলবার বিশ্বনাথপুর বাজারে অবস্থিত ব্যবসায়ী মাহিদুল ইসলামের সিমেন্টের দোকান জেরিন ট্রেডার্সে ও তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষ, সিঁড়ির নিচে ও খাটের তলায় তল্লাশি চালিয়ে হাড়িপাতিল, জারকিন ও ড্রামে মজুত করে রাখা প্রায় ২৫ লিটার পেট্রোল এবং ৬০ লিটার ডিজেল জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত মাহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে জব্দকৃত পেট্রোল ও ডিজেল স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলামের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে ১০ হাজার ২৭৫ টাকা সরকারি কোষাগারে জমা করেন।
এ ব্যাপারে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে তা বেশি দামে বিক্রি করে আসছিলেন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: ঢাকা পোষ্ট








.webp)


.webp)

