বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ || ১৫ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:০৩, ২৯ এপ্রিল ২০২৬

বরিশালে ক্লাস চলাকালে বজ্রপাতের বিকট শব্দে ১৫ শিক্ষার্থী অসুস্থ

বরিশালে ক্লাস চলাকালে বজ্রপাতের বিকট শব্দে ১৫ শিক্ষার্থী অসুস্থ
সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ক্লাস চলাকালে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হলেও ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ৫ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ ঘটনা ঘটে। অসুস্থরা সবাই ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থী। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, দুপুরের দিকে ক্লাস চলাকালে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বিদ্যালয়ের ভবনের ওপর বজ্রপাত হলে শ্রেণিকক্ষে থাকা ৭ জন ছাত্রী আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলো— অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা, সুমাইয়া ও মীম আক্তার; সপ্তম শ্রেণির জান্নাত এবং নবম শ্রেণির আফরোজা আক্তার ও সুমাইয়া আক্তার। প্রধান শিক্ষক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিক্ষার্থী বাড়ি ফিরলেও বাকি ৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, একই সময়ে উপজেলার পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বজ্রপাত হলে ৮ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজামুল হক জানান, ওই শিক্ষার্থীদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে ওঠে। পরবর্তীতে অভিভাবকদের ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান জানান, বজ্রপাতের বিকট শব্দে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিল। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে যারা হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ || ১৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন