বুধবার   ১৪ অক্টোবর ২০২৬ || ২৮ আশ্বিন ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৬:২১, ১৩ অক্টোবর ২০২৬

ছবিতে ভোট দিয়ে ৮০ হাজার টাকা জেতার সুযোগ

ছবিতে ভোট দিয়ে ৮০ হাজার টাকা জেতার সুযোগ
সংগৃহীত

বন্যপ্রাণীর জীবন মানেই বেঁচে থাকার লড়াই। খাবার খোঁজা, শিকার করা কিংবা শিকারির হাত থেকে বাঁচতে প্রতিনিয়ত নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের। তবে এই কঠিন জীবনের মধ্যেও কখনো কখনো এমন সব দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়, যা দেখে হাসি থামানো কঠিন। কোনো পাখির গোসল করতে গিয়ে বিপাকে পড়া, কোনো কুমিরের মাথায় রকস্টারের মতো চুলের সাজ কিংবা ভালুকের সঙ্গে পাখির অদ্ভুত খুনসুটি, সব মিলিয়ে প্রকৃতির এই মুহূর্তগুলো যেন হাসির একেকটি ফ্রেম।

বন্যপ্রাণীর এমনই মজার ও অপ্রত্যাশিত মুহূর্ত নিয়ে আয়োজিত হয়েছে ‘নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’। এবারের প্রতিযোগিতায় জমা পড়েছে ১০ হাজারেরও বেশি ছবি, যা প্রতিযোগিতাটির ইতিহাসে একটি রেকর্ড। সেখান থেকে বাছাই করা হয়েছে সেরা কিছু হাস্যরসাত্মক ছবি। এসব ছবির মধ্য থেকে পিপলস চয়েস অ্যাওয়ার্ডের বিজয়ী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ রয়েছে সাধারণ মানুষেরও। আর ভোট দিয়ে ভাগ্যবান একজন জিতে নিতে পারেন প্রায় ৮০ হাজার টাকা।

কলার মোচায় পাখির স্নান!

ছবিতে ভোট দিয়ে ৮০ হাজার টাকা জেতার সুযোগ

ছবিটির নাম ‘আউট অব ওয়াটার’। থং ডুই ভুর তোলা এই ছবিতে দেখা যায়, ছোট্ট একটি মৌটুসি পাখি কলার মোচার পাপড়িতে জমে থাকা পানিতে গোসল করছে। প্রকৃতির তৈরি এই বাথটাব যেন পাখিটির জন্য এক চমৎকার স্নানের জায়গা।

কিন্তু বিপত্তি বাধে গোসলের মাঝপথে। একবার আরাম করে স্নান সেরে আবার পানিতে ঝাঁপ দিতে গিয়ে পাখিটি দেখে, পানি তো প্রায় শেষ! এরপর তার আকাশপানে তাকিয়ে থাকার ভঙ্গিটি যেন সব হতাশা প্রকাশ করে দিচ্ছে।

ছবিটির ফটোগ্রাফারের বর্ণনায়, পাখিটির চেহারা দেখে মনে হচ্ছিল, সে যেন বলছে, ‘হায় হায়, সব পানি গেল কোথায়? এটা কেমন অর্ধেক গোসল করা বাথটাব! এটাকে গুগল রিভিউতে এক স্টার দেওয়া উচিত!’

মাছের ফেসপ্যাক মাখা পাখি!

ছবিতে ভোট দিয়ে ৮০ হাজার টাকা জেতার সুযোগ

কোস্টারিকায় তোলা ছবিটিতে দেখা যায়, একটি আনহিঙ্গা পাখি তার ধারালো ঠোঁট দিয়ে জ্যান্ত মাছ শিকার করেছে। কিন্তু শিকার ধরতে পারলেও সেটি গিলতে গিয়ে যেন নতুন সমস্যায় পড়েছে। মাছটি পাখিটির মুখের ওপর এমনভাবে আটকে আছে, দেখে মনে হচ্ছে, সে বুঝি মাছের ফেসপ্যাক মেখে বসে আছে!

মাছটিকে ঠোঁট থেকে ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করতে গিয়ে পাখিটির যে হাস্যকর ধস্তাধস্তি শুরু হয়, সেটিই ক্যামেরাবন্দী করেছেন ফটোগ্রাফার ইগেল বি. জেনসেন। শিকার ধরার পরও যে এমন বিপাকে পড়তে হতে পারে, ছবিটি যেন তারই মজার উদাহরণ।

ইশ! অফিসে লেট হয়ে গেল

 

ছবিতে ভোট দিয়ে ৮০ হাজার টাকা জেতার সুযোগ

ঘুম থেকে উঠে হঠাৎ মনে পড়ল, আর মাত্র পাঁচ মিনিট পর অফিসে ঢোকার সময়! এমন পরিস্থিতিতে অনেকের মুখেই ফুটে ওঠে আতঙ্কের ছাপ। প্রতিযোগিতার আরেকটি ছবিতে একটি প্রাণীর চেহারাতেও যেন সেই একই উদ্বেগ ধরা পড়েছে।

ফটোগ্রাফার ফাবি ফ্রেগোনেসি জানিয়েছেন, পানির নিচে দীর্ঘ সময় ধরে ধৈর্যের পরীক্ষা দিয়ে তিনি এই মজার অভিব্যক্তিটি ক্যামেরায় ধারণ করতে পেরেছেন। প্রাণীটির চেহারা দেখে মনে হয়, যেন দেরি হয়ে যাওয়ার আতঙ্কে সে দিশেহারা!

ছবিতে ভোট দিয়ে ৮০ হাজার টাকা জেতার সুযোগ

মার্কিন ফটোগ্রাফার এরিক বোরেনের তোলা ছবিতে দেখা যায়, বরফের ওপর শুয়ে আছে একটি ভালুক। তার ঠিক সামনে বসে রয়েছে একটি পাখি। দুজনের মুখোমুখি অবস্থান দেখে মনে হচ্ছে, তারা যেন কোনো গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করছে।

সম্ভবত আইভরি গাল প্রজাতির পাখিটির বাসার খুব কাছে চলে এসেছিল ভালুকটি। এ কারণে পাখিটি বেশ কিছুক্ষণ ধরে তাকে বিরক্ত করছিল। একপর্যায়ে ক্লান্ত হয়ে ভালুকটি বরফের ওপর শুয়ে পড়ে। পাখিটিও এসে বসে তার সামনে।

বন্যপ্রাণীর এই অদ্ভুত মুহূর্তে বিরক্তি, ক্লান্তি আর কৌতুক যেন একসঙ্গে ধরা পড়েছে। দুজনের মুখোমুখি বসে থাকার দৃশ্যটি দেখে মনে হয়, তারা বুঝি জীবনের গভীর কোনো তত্ত্ব নিয়ে আলোচনা করছে!

ভোট দিলেই মিলতে পারে পুরস্কার

আগামী ৮ ডিসেম্বর লন্ডনে ‘নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। প্রতিযোগিতার পিপলস চয়েস অ্যাওয়ার্ডে সাধারণ মানুষেরও ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ভোট দেওয়া যাবে ২০২৭ সালের ১ মার্চ পর্যন্ত।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, ভোট দেওয়ার জন্য নিজের তোলা কোনো ছবি থাকা বাধ্যতামূলক নয়। পছন্দের ছবিতে ভোট দিয়েই একজন ভাগ্যবান ভোটার জিতে নিতে পারেন ৫০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ হাজার টাকা।

অর্থাৎ, বন্যপ্রাণীর মজার মুহূর্ত উপভোগ করার পাশাপাশি পছন্দের ছবিকে বিজয়ী করতে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আর সেই ভোটই কারও জন্য বয়ে আনতে পারে আর্থিক পুরস্কার।

ভোট দিতে ক্লিক করুন: নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস

সূত্র: কালবেলা

অনলাইন জরিপ

বুধবার   ১৪ অক্টোবর ২০২৬ || ২৮ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম