এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) শ্রেণিতে ফারজানা ইসলাম মৌরী, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী) শ্রেণিতে হানিয়াম মারিয়া চৌধুরী, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) শ্রেণিতে সৈয়দ আমিনুল কবির এবং বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) শ্রেণিতে এসএম ফারুক হাসান।
এ ছাড়া বর্ষসেরা স্টার্টআপ শ্রেণিতে আইপেজ গ্লোভালের মাসরুর হোসাইন শহীদ, বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস শ্রেণিতে হামিদ হাসান আলভী, বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা শ্রেণিতে মুসনাদ-ই আহমদ এবং বিশেষ উদ্যোক্তা শ্রেণিতে তৃতীয় লিঙ্গের সিদ্দিক ভুঁইয়া রিজভী সিনথিয়া পুরস্কার পান।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠান।
এ ছাড়া মেলায় শিল্প মন্ত্রণালয়ের সাতটি দপ্তর ও সংস্থা, সরকারি-বেসরকারি প্রায় ১৭টি প্রতিষ্ঠান, সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’ এবং দেশের বিভিন্ন এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, মেলার প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও শিল্পসচিব আব্দুন নাসের খান এবং বিজয়ীদের পক্ষে ফারজানা ইসলাম মৌরী বক্তব্য দেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে মেলা পরিদর্শন করা যাবে। মেলার পাশাপাশি ২৩ ও ২৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, সহজ অর্থায়ন, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, এসএমই পণ্যের বাজার সুরক্ষা ও বাজারজাতকরণ নিয়ে এসব আয়োজনে আলোচনা হবে।










