‘দম’ দেখা যাবে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে
ঈদে মুক্তি পাওয়া সিনেমা আফরান নিশোর ‘দম’। দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দাপট দেখানোর পর এবার সারা দেশের অর্ধশতাধিক সিংগেল স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। আগামী ২৪ এপ্রিল থেকে দেশের বড় ও নামকরা সিনেমা হলগুলোতে একযোগে প্রদর্শিত হবে রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রথম থেকেই সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল। পাইরেসির ঝুঁকি এড়াতে শুরুতে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দিলেও দর্শকদের তুমুল আগ্রহের কথা মাথায় রেখে এবার সিংগেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল জানান, মধুমিতা, শ্যামলী, মণিহার ও শাপলার মতো দেশের শীর্ষস্থানীয় হলগুলোতে সিনেমাটি মুক্তি পাচ্ছে।
পরিচালক রেদওয়ান রনি সিনেমাটির এই বড় পরিসরে মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।জানান, ‘দম’ শুধু একটি সিনেমা নয় বরং এটি বাংলাদেশিদের বিজয়ের গল্প। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি সাড়া ফেলেছে। উত্তর আমেরিকায় মাত্র এক সপ্তাহে হলের সংখ্যা সাতটি থেকে বেড়ে পঞ্চাশে দাঁড়িয়েছে যা বাংলা সিনেমার বিশ্বব্যাপী চাহিদাকেই প্রমাণ করে। অস্ট্রেলিয়া ও কানাডাতেও দর্শকরা সিনেমাটি দারুণভাবে গ্রহণ করেছেন।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, গল্পের দূরদর্শী ভাবনা এবং পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ থাকায় তিনি এই কাজের প্রতি শুরু থেকেই আগ্রহী ছিলেন।
নিশোর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ, ডলি জহুর ও জাহিদ হাসান। যার জীবনের গল্প থেকে এই সিনেমা নির্মিত হয়েছে সেই নূর ইসলাম ও তার পরিবারও সিনেমাটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনের এই চলচ্চিত্রটি যৌথভাবে চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।
সূত্র: ঢাকা পোষ্ট








.webp)








