বুধবার   ১১ মার্চ ২০২৬ || ২৬ ফাল্গুন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪৪, ১১ মার্চ ২০২৬

বিশেষ বিমানে নয়, সাধারণ যাত্রীদের সঙ্গে দেশে ফিরছেন মার্করাম-হোপরা

বিশেষ বিমানে নয়, সাধারণ যাত্রীদের সঙ্গে দেশে ফিরছেন মার্করাম-হোপরা
সংগৃহীত

শাই হোপের ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ শেষ হয়েছে গত ১ মার্চ, আর ৪ মার্চ এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপে তাদের অভিযানের সমাপ্তি হলেও তাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা ভারতেই আটকে আছেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে একাধিকবার তাদেরকে দেশে ফেরাতে আইসিসির প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর স্বস্তির খবর মিলেছে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে সবাইকে দেশে ফেরানোর বন্দোবস্ত হয়ে গেছে। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে দলগুলো বিশেষ বিমানে যাতায়াত করলেও এবার ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে ক্যারিবিয়ান ও প্রোটিয়াদের।

৯ দিন অপেক্ষায় থাকার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদের খেলোয়াড় ও কোচিং স্টাফদের বাণিজ্যিক ফ্লাইটে ফেরানোর ব্যবস্থা করেছে। ইতোমধ্যে কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ ভারত ছেড়েছেন, বাকিরা বুধ-বৃহস্পতিবারের মধ্যে উড়াল দেবেন।

বুধবার রাত থেকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সদস্যদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে তারা ভারত ছাড়বে বলে এক বিবৃতি দিয়েছে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের মূলত ভারত ছাড়ার কথা ছিল গত শনি-রোববার। কিন্তু রোববার সকালে আইসিসি জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় তাদেরকে কলকাতা থেকে সরিয়ে নিতে একটি চার্টার ফ্লাইট বুকড করা হয়েছে। সেই বিমান জোহানেসবার্গে থেকে অ্যান্টিগায় পৌঁছাবে।

কিন্তু সোমবার সকালে আইসিসি দল দুটিকে জানায়, সেই ফ্লাইট বাতিল হয়েছে। একই দিন দলগুলোকে জানানো হয়, তাদের চার্টার ফ্লাইট মঙ্গলবার বেলা ২টায় ছাড়বে। সেই ফ্লাইটও বাতিল হয় বলে আইসিসি ইমেইলে তাদেরকে জানায়। কারণ উভয় গন্তব্যের বিমানবন্দর একটি নোটিশে জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো চার্টার ফ্লাইট চলবে না। এমন নির্দেশনার পর সাধারণ বিমানে করেই দুই দলের দেশে ফেরার ব্যবস্থা হলো। সাধারণ যাত্রীদের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইটে ভারত ছাড়ছেন তারা।

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পরে বিশ্বকাপ শেষ হলেও ইতোমধ্যে ইংল্যান্ড স্কোয়াড দেশে ফিরে গেছে। ফাইনালে পরাজিত নিউজিল্যান্ডও নিরাপদে দেশে পৌঁছে গেছে। 

এফএইচএম/

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ