চট্টগ্রামে দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে মারামারি, শিশুসহ আহত ৪
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে মারামারি ও গুলির ঘটনা ঘটেছে।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে বাকলিয়ার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক শিশুসহ আহত হন কমপক্ষে চারজন। তারা হলেন, মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ফাহিম। তাদের মধ্যে ফাহিম ১২ বছরের শিশু। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, ঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করেছে। একই সঙ্গে একটি শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ সন্ত্রাসী আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র এলোপাতাড়ি লোকজনকে আঘাত করে। মোরশেদ খান নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে থাকেন। তবে নগর পুলিশের করা সন্ত্রাসী তালিকায় তার নাম রয়েছে।
মোরশেদ খান ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন। এর আগে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। মোরশেদ এলাকায় ফিরে এলে তার প্রতিপক্ষ সোবাহান ও শওকত তাকে মারধর করে এলাকাছাড়া করেন। এই ঘটনার জেরে মোরশেদ খানের অনুসারীরা শনিবার প্রতিপক্ষের ওপর হামলা করেন। কিন্তু প্রতিপক্ষের কেউ আহত না হলেও সাধারণ লোকজন আহত হন।
নগর পুলিশ দক্ষিণ জোনের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, মারামারি ও গুলির ঘটনার পর অভিযান চালিয়ে ফারুক হোসেন নামে একজনের বাসা থেকে একটি শটগান, দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবরে তিনি পালিয়ে গেছেন। এই ঘটনায় মোট ৫ জনকে আটক করা হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট















