৫৩০০ লিটার তেল ও ৪০০ গ্যাস সিলিন্ডার মজুদ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ২৩০০ লিটার জ্বালানি তেল, ৩০০০ লিটার ভোজ্য তেল ও প্রায় ৪০০ এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধ মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) বিকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার দুটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায় অবৈধভাবে ২৩০০ লিটার জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রির অপরাধে ডিলার মো. মনির সরদারকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই ইউনিয়নের নতুনহাট এলাকায় 'এস এ কর্পোরেশন' নামক প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে গ্যাস ভর্তি আনুমানিক ৩৫০ থেকে ৪০০টি এলপিজি সিলিন্ডার অবৈধভাবে মজুদ এবং বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ডিলার মো. আসিফ ইকবালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গুদামে আরও ১১০০ থেকে ১২০০টি খালি এলপিজি সিলিন্ডার পাওয়া যায়।
অন্যদিকে, রহমতপুর ইউনিয়নের ‘এস এম ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানের গুদামে অবৈধভাবে ৩০০০ লিটার ভোজ্য তেল মজুদের দায়ে ডিলার এস এম মাহবুব আলমকে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ (১) (ক) ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
জানা যায়, গোয়েন্দা সংস্থার সদস্যরা দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের ওপর গোপন নজরদারি চালিয়ে আসছিলেন। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযানে এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসন এবং বাবুগঞ্জ ও এয়ারপোর্ট থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অসাধু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে।
আরিফ হোসেন/এমটিআই
সূত্র: ঢাকা পোষ্ট















