বগুড়ায় বৈশাখী মেলায় মুগ্ধ দর্শক
বগুড়া শহরের পৌর পার্কে চলছে পাঁচদিনব্যাপী বৈশাখী মেলা। বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বৃহস্পতিবার মেলার তৃতীয় দিনে বিকেল ৪টায় মঞ্চে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘সাপ খেলা’ দেখতে ভিড় করেন নানা বয়সী দর্শক। সাপুড়ে লিটন সাকিদার দুপচাঁচিয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, প্রায় ২০ বছর ধরে সাপ খেলা দেখাচ্ছেন এবং মাত্র ১৫ বছর বয়সেই এই পেশায় যুক্ত হন। তার দাদা রমজান সাপুড়িয়া ও বাবা বাবলু সাকিদারের হাত ধরেই শুরু এই পেশা।
তিন প্রজন্ম ধরে তাদের পরিবারে সাপ খেলার ঐতিহ্য চলে আসছে। লিটন সাকিদার বলেন, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তারা এই খেলা দেখান, কারণ এটিই তাদের পরিবারের প্রধান জীবিকার উৎস। বিভিন্ন মেলায় খেলা দেখিয়ে দর্শকদের দেওয়া পারিশ্রমিকেই চলে তাদের সংসার। গত বছরের মতো এবারও বৈশাখী মেলায় অংশ নিতে তিনি বগুড়ায় এসেছেন এবং সঙ্গে এনেছেন বিষধরসহ কয়েকটি সাপ।
মেলা উদযাপন কমিটির সদস্য অ্যাডভোকেট পলাশ খন্দকার জানান, প্রতিবছরের মতো এবারও বৈশাখী মেলায় গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে লাঠিখেলা, পাতা খেলা, সাপ খেলা, মোরগ লড়াই, বৌছি ও দাড়িয়াবান্ধা। এসব আয়োজন দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। মেলায় আগত দর্শনার্থীরা জানান, আধুনিক বিনোদনের ভিড়ে এমন ঐতিহ্যবাহী আয়োজন তাদের শৈশবের স্মৃতিকে ফিরিয়ে এনেছে। বিশেষ করে সাপ খেলা দেখে তারা মুগ্ধ হয়েছেন এবং আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।






.webp)
.webp)


