ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উচ্ছেদ অভিযান, শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহাসড়কে শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
বুধবার (৬ মে) জেলার ভালুকা ও ত্রিশাল উপজেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
আগামী ২১ থেকে ২৫ মে পর্যন্ত ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫ মে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় বুধবার অভিযান চালিয়ে মহাসড়কের ফুটপাত ও দুই পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এসব দোকানপাট ও স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। অভিযানকালে খননযন্ত্র দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর আগমন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, ভালুকা উপজেলাতেও একই দিনে অভিযান চালানো হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নাসির গ্লাস এলাকা থেকে স্কয়ার মাস্টারবাড়ি পর্যন্ত মহাসড়কের দুই পাশের ফুটপাত ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
প্রশাসন জানায়, মহাসড়কের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করার পাশাপাশি নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতেই এ অভিযান জোরদার করা হয়েছে।
ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি নিয়মিত কার্যক্রম। এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। এর আগেও এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। এবারের আয়োজনকে সামনে রেখে যানজট কমানো এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট










.webp)
