শনিবার   ০৭ মার্চ ২০২৬ || ২২ ফাল্গুন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:১১, ৭ মার্চ ২০২৬

লিভারপুলকে কোয়ার্টার ফাইনালে তুললেন সালাহ-রবার্টসন

লিভারপুলকে কোয়ার্টার ফাইনালে তুললেন সালাহ-রবার্টসন
সংগৃহীত

দুই দিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটনের কাছে হেরেছিল লিভারপুল। এবার এফএ কাপে উল্টো চিত্র দেখা গেছে। যেখানে উলভসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্নে স্লটের দল। লিভারপুলের হয়ে স্কটল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি রবার্টসন নিজে গোল করেছেন, একইসঙ্গে মোহামেদ সালাহ’র গোলেও বলের যোগান দিয়েছেন।

এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচটিতে প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। ৫১ মিনিটে ডেডলক ভেঙে প্রথম গোলটি করেন রবার্টসন। পেনাল্টি বক্সের বাইরে থেকে তিনি জোরালো নিচু শটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো গোল করলেন এই স্কটিশ তারকা। এরপর দুই মিনিটের মধ্যেই রবার্টসনের দারুণ ক্রস থেকে গোল করেন সালাহ।

ম্যাচের ৭৪ মিনিটে কার্টিস জোন্স লিভারপুলের তৃতীয় গোলটি করেন। আর ইনজুরি টাইমে উলভসের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন হোয়াং হি-চান। ডিফেন্ডার রবার্টসনের চলতি মৌসুমে আরেকটি গোল ছিল গত সেপ্টেম্বরে, যখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুল অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়েছিল। গতকালের ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্স বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ দু’দিন আগে প্রিমিয়ার লিগে উলভস ২-১ গোলে হারিয়েছিল অলরেডদের।

বাঁচা-মরার ম্যাচ জিতে ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করেন রবার্টসন, ‘আজকের পারফরম্যান্সটা আগের চেয়ে অনেক ভালো ছিল। আমরা জানি মঙ্গলবার আমরা নিজেদের হতাশ করেছি। তাই সেটা ঠিক করা আমাদের দায়িত্ব ছিল। এফএ কাপ মানেই বাঁচা-মরার লড়াই।’

এপ্রিলের প্রথম সপ্তাহে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী কয়েকদিনের ম্যাচগুলোতে ভাগ্য নির্ধারণ হবে বাকি সাতটি দলের। উলভসের বিপক্ষে জিতে দুটি কাপ জয়ে চোখ রেখেছেন রবার্টসন, ‘আমরা সব ফ্রন্টেই লড়াই চালিয়ে যেতে চাই। আমরা এখনও দুটি কাপ প্রতিযোগিতায় টিকে আছি। আজকের মতো খেলতে পারলে আমাদের বিপক্ষে খেলতে চাইবে না কেউ। তবে ধারাবাহিকতা দেখাতে হবে– এক ধাপ এগোই, আবার দুই ধাপ পিছিয়ে যাই।’

এএইচএস

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ