শুক্রবার   ০১ মে ২০২৬ || ১৭ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ০৯:৪০, ৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাতের জন্য স্থগিত হয়ে গেল আইসিসির সভা

মধ্যপ্রাচ্যে সংঘাতের জন্য স্থগিত হয়ে গেল আইসিসির সভা
সংগৃহীত

আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে এখনও চলমান রয়েছে ইরানের সংঘাত। মার্কিন ঘাটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে কিংবা যুক্তরাষ্ট্রকে সহায়তার দায়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও হামলা অব্যাহত রেখেছে ইরান। ফলে পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখনও পুরোপুরি নিরাপদ হয়নি। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কার্যক্রমেও। আগামী ২৫-২৭ মার্চ কাতারের দোহায় হতে যাওয়া সংস্থাটির সভা স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে আবার কবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি সভা আহবান করবে সেটি চূড়ান্ত হয়নি। তবে এপ্রিলে হতে পারে বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। আজ (রোববার) টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। এই ম্যাচের আগেই আইসিসি সদস্য দেশগুলোকে সভা স্থগিতের বিষয়টি জানায়, পাশাপাশি উপমহাদেশের ভেতর বিকল্প ভেন্যু খোঁজারও চেষ্টা চলছে।

আইসিসির বোর্ড পরিচালকবৃন্দ, প্রধান নির্বাহী, কমিটির সদস্য এবং সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এই সভা ‘চলমান বর্ষপঞ্জিকার কার্যপ্রণালী এবং বর্তমান ও ভবিষ্যতের বৈশ্বিক ক্রিকেটে সুযোগ তৈরি’র মতো বিষয়ে হওয়ার কথা ছিল। আইসিসি বলছে, ‘আইসিসির সমর্থন এবং সহযোগিতায় কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং অলিম্পিক কমিটি সাম্প্রতিক বছরগুলোয় ক্রিকেটের জন্য উল্লেখযোগ্য অগ্রগতিতে ইন্ধন জুগিয়েছে।’ এর আগে এক বিবৃতিতে গত ২২ ফেব্রুয়ারি দোহায় সভা আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছিল আইসিসি। 

এদিকে, আহমেদাবাদে অনুষ্ঠিতব্য ফাইনালে আইসিসি সভাপতি জয় শাহ–সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই থাকবেন ফাইনালের অন্যতম প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বোর্ডের রজার টোস। এ ছাড়া জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাবেঙ্গোয়া মুকুলানি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সভাপতি ড. মোহাম্মেদ মুসাজিসহ আরও কয়েকটি বোর্ড সভাপতি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির হতে পারেন।

অন্যদিকে, আইসিসির গত সভায় অন্যতম আলোচিত বিষয় ছিল পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে রাজি করানো। বাংলাদেশের সমর্থনে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে না খেলার হুমকি দিয়েছিল, শেষমেষ বিসিবির মধ্যস্থতায় সেটি সমাধান হয়। আজকের ফাইনালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত থাকবেন কি না তা জানা যায়নি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আছেন। এ ছাড়া ফাইনাল ভারতে হওয়ায় স্বভাবতই সেখানে থাকছেন না পিসিবি সভাপতি মহসিন নাকভি।

এএইচএস

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

শুক্রবার   ০১ মে ২০২৬ || ১৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন