৪ মে শুরু হচ্ছে ডিপিএল, থাকছে না সুপার লিগ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আগামী আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আজ সোমবার বিসিবি জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ ডিপিএল। এবার থাকছে না সুপার লিগ পর্ব।
ছয় ভেন্যুতে ৩৯ দিনের লড়াই শেষে ডিপিএল শেষ হবে ১১ জুন। বসুন্ধরা স্পোর্টস সিটি, বিকেএসপি ৩ ও ৪, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (পিকেএসপি), পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি ও ইউ ল্যাব ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচগুলো।
পূর্ণাঙ্গ সূচি বা কোন দিন কোন মাঠে খেলা হবে, তা খুব দ্রুতই জানাবে বিসিবি। গেল বছরগুলোতে লিগ পর্ব শেষে সেরা দলগুলো নিয়ে সুপার লিগ হলেও এবার সেই নিয়ম থাকছে না। একটি মাত্র লিগ পর্বের মাধ্যমেই নির্ধারিত হবে লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল।
চ্যাম্পিয়ন নির্ধারণে সুপার লিগ না থাকলেও অবনমন পর্ব থাকছেই। লিগের নিয়মানুযায়ী নিচের সারির দলগুলো নিয়ে হবে এই পর্ব, যেখান থেকে নির্ধারিত হবে কোন দলগুলো প্রথম বিভাগে নেমে যাবে।
সূত্র: ঢাকা পোষ্ট














.webp)


.webp)