পর্তুগালের ২ ম্যাচ থেকেও ছিটকে গেলেন রোনালদো
ফিফার মার্চ উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। বিশ্বকাপের দুই আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে আসন্ন দুই ম্যাচের জন্য তারা স্কোয়াড ঘোষণা করেছে। তবে সেখানে নাম নেই দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর। হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি গত ২৮ ফ্রেুয়ারি থেকে মাঠের বাইরে আছেন। একই কারণে এবারও তার জাতীয় দলে ফেরা হচ্ছে না।
এর আগে নিষেধাজ্ঞার কারণে নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি রোনালদো। যেখানে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রুনো ফার্নান্দেজ–জোয়াও নেভেসরা। বলা হচ্ছিল এবার দলে ফেরার পাশাপাশি নেতৃত্বের আর্মব্যান্ডও রোনালদোর হাতে উঠতে যাচ্ছে। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি আল-নাসরের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি, প্রথমে সাধারণ চোট ভাবা হলেও পরে সেটি গুরুতর বলে জানা যায়।
এই তারকা ফরোয়ার্ডের ইনজুরি নিয়ে আল-নাসর কোচ জর্জে জেসুস বলেছিলেন, ‘আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর পরিষ্কার হওয়া গেছে, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি গুরুতর এই ইনজুরি। তার বিশ্রামের সঙ্গে চিকিৎসাও করাতে হবে। ক্রিশ্চিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যেভাবে সামলায়।’
স্বাভাবিকভাবেই রোনালদোকে ছাড়াই পর্তুগালের স্কোয়াড সাজিয়েছেন কোচ রবার্তো মার্টিনেজ। ২০১৪ সালের আগস্টের পর আর যুক্তরাষ্ট্রে খেলা হয়নি পাঁচবারের এই ব্যালন ডি’অরজয়ী তারকার। ওই সময় প্রাক-মৌসুম প্রস্তুতিতে মিশিগানে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলেছিলেন। ফিট থাকলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আসন্ন বিশ্বকাপ হতে রোনালদোর রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ আসর। বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজানোর আগে আগামী ২৮ মার্চ মেক্সিকোর বিপক্ষে তাদের মাঠে এবং ১ এপ্রিল আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে পর্তুগাল।
প্রীতি ম্যাচের জন্য পর্তুগালের স্কোয়াড
গোলরক্ষক : দিয়েগো কস্তা, হোসে সা, রুই সিলভা
ডিফেন্ডার : ম্যাথিউস নুনেস, দিয়োগো দালোত, জোয়াও কান্সেলো, নুনো মেন্দেস, গঞ্জালো ইনাসিও, রেনাতো ভেইগা, অ্যান্তনিও সিলভা, টমাস আরাউহো
মিডফিল্ডার : রুবেন নেভেস, সামু কস্তা, ম্যাথিউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রদ্রিগো মোরা
ফরোয়ার্ড : রিকার্ডো হোর্তা, পেদ্রো গঞ্জালেস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইকাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, গঞ্জালো গুয়েদেস, গঞ্জালো রামোস
সূত্র: ঢাকা পোষ্ট








.jpg)






