সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ || ২৯ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:২৮, ১৩ এপ্রিল ২০২৬

জার্মান লিজেন্ডকে ফেরাচ্ছে রিয়াল

জার্মান লিজেন্ডকে ফেরাচ্ছে রিয়াল
সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিখ্যাত সাদা জার্সিতে অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছিলেন তিনি। বিদায়টাও ছিল যুতসই। শেষটা করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি হাতে নিয়ে। ভালদেবেবাসে এখন আলোচনা চলছে টনি ক্রুসকে নিয়ে। তাকে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে রিয়াল।

২০২৪ সালের জুনে রিয়ালের সঙ্গে এই জার্মান লিজেন্ডের সম্পর্ক ছিন্ন হয়। ভক্ত-সমর্থকদের ভালোবাসায় মাঠ থেকে অশ্রুসিক্ত বিদায় নেন সাবেক মিডফিল্ডার। তবে আবার হয়তো পুনর্মিলনী হতে যাচ্ছে। তিনি ফিরবেন, তবে খেলোয়াড় হিসেবে নয়। কোনো উচ্চ প্রশাসনিক বা ক্রীড়া বিষয়ক  ভূমিকায় তাকে ক্লাবে ফেরানোর কথা চলছে। 

এখন পর্যন্ত বিষয়টি চার দেয়ালেই সীমাবদ্ধ। আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি ক্রুসকে। স্প্যানিশ সংবাদপত্র এএস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী মৌসুমের শুরুতে তিনি ফিরতে পারেন। ক্লাবের ধারণা, চূড়ান্ত চুক্তি হওয়ার পর তিনি যে ভূমিকাতেই দায়িত্ব পান না কেন, ক্লাবের অগ্রগতিতে অসামান্য অবদান রাখবেন।

ক্রুসের বিদায় মাদ্রিদিস্তার স্মৃতিতে এখনো অমলিন। বার্নাব্যুতে তার শেষ উপস্থিতি ছিল আবেগঘন। তাকে বিদায় দিতে গিয়ে অনেকেই কেঁদেছেন। এর ছয় দিন পর বিশ্বকাপ জয়ী জার্মান তারকা তার ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতে ক্যারিয়ারের দারুণ ইতি টানেন। খেলোয়াড় হিসেবে এ যেন নিখুঁত সমাপ্তি।

সূত্র: ঢাকা পোষ্ট