বাবা হলেন রশিদ খান
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাস্ত সময় পার করছেন রশিদ খান। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিতেছে তার দল গুজরাট টাইটান্স। ভালো সময়ে আরো একটা সুখবর পেলেন তিনি। বাবা হয়েছেন এই আফগান তারকা।
আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খুশির খবর জানিয়েছেন এই আফগান তারকা। গতকাল শুক্রবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রশিদের স্ত্রী।
রশিদ তার ছেলের নাম রেখেছেন আসলান। তুর্কি ভাষায় আসলানের অর্থ সিংহ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।' পাশাপাশি তিনি নিজে লিখেছেন, 'আমার ছোট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত।' স্ত্রী এবং পুত্রের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন রশিদ।
স্ত্রী সন্তানসম্ভবা হলেও পেশাদারিত্ব দেখিয়েছেন রশিদ। চলমান আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেননি। গুজরাটের হয়ে নিয়মিত মাঠে নামছেন। পুত্র সন্তানের জন্মের সময়ও তিনি ব্যস্ত ছিলেন ২২ গজের লড়াইয়ে।
এ বারের আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৬টি উইকেট পেয়েছেন রশিদ। ওভার প্রতি খরচ করেছেন ৭.৭০ রান। দু’টি ম্যাচে ব্যাট করে ২৪ রান করেছেন। সর্বোচ্চ রানও ২৪। একটি ম্যাচে কোনও রান না করলেও অপরাজিত ছিলেন।
সূত্র: ঢাকা পোষ্ট
















