পাহাড় কাটায় অভিযান: জরিমানা-কারাদণ্ড, জব্দ করা হয়েছে ৫ ট্রাক্টর
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। পরিবেশবিধ্বংসী এ কর্মকাণ্ডে জড়িত একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে পাহাড় কাটার কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার মাদলা গ্রামে অবস্থিত “পিপল পোল্ট্রি ফার্ম” এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়ভাবে অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই পাহাড় কেটে ফ্যাক্টরি নির্মাণকাজ চালিয়ে আসছে।
অভিযানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল করিম। এ সময় পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় পিপল পোল্ট্রি ফার্মের দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সেখানে থাকা এক ট্রাক্টর হেল্পারকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে মাটি পরিবহনে ব্যবহৃত ৫টি ট্রাক্টর জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম বলেন, পাহাড় কাটা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হয় এবং আশপাশের জনবসতির জন্য ঝুঁকি তৈরি হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)


.webp)



