বরিশালে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী পোস্ট অফিস বাজারে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। বৈশাখী মেলায় দুইদিনের এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নেমেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মেলার প্রথম দিনে অনুষ্ঠিত হয় এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। নির্দিষ্ট পথে খুরের টগবগ শব্দ তুলে প্রতিযোগিতায় অংশ নেয় পাঁচটি ঘোড়া। কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে, তা নিয়ে ছিল তীব্র প্রতিযোগিতা। দর্শকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
ঐতিহ্যবাহী এ মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আত্মীয়-স্বজন, মেয়ে-জামাইদের দাওয়াত দিয়ে অনেকে একত্রিত হন এই আয়োজনে। ঘোড়দৌড় দেখতে বিভিন্ন উপজেলা থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা।
ঘোড়দৌড় ছাড়াও মেলায় থাকা ম্যাজিক প্রদর্শনী, নাগরদোলা ও নৃত্যানুষ্ঠান দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগায়।
বরিশাল জেলা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, তার বাবা সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল সত্তার হাওলাদার প্রায় ৪০ বছর আগে এই বাজার প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় স্থানীয়রা প্রতি বছর এখানে বৈশাখী মেলার আয়োজন করে আসছেন। তবে রাজনৈতিক কারণে গত দুই বছর মেলা বন্ধ থাকলেও এ বছর আবারও ঐতিহ্য ফিরে এসেছে।
আয়োজক কমিটির সদস্য ও যুবদল নেতা আরিফুর রহমান ইরান ও রনি বলেন, এই মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। দুই বছর পর মেলা শুরু হওয়ায় মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে, বিশেষ করে ঘোড়দৌড় দেখতে কয়েক হাজার মানুষ জড়ো হন।
চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সুবুজ বলেন, পোস্ট অফিস বাজারের এই ঐতিহ্যবাহী মেলা দীর্ঘদিন ধরে মানুষের আনন্দের উৎস হয়ে আছে। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)


.webp)


