শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ || ৪ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:০০, ১৮ এপ্রিল ২০২৬

নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখলেন হাজার হাজার মানুষ

নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখলেন হাজার হাজার মানুষ
সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার রঘুনাথপুর নবীন যুব সংঘের আয়োজনে রঘুনাথপুর ফুটবল মাঠে সকাল ৯ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত চলে এ ষাঁড়ের লড়াই।

ষাঁড়ের লড়াই ঘিরে সকাল থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে। বিকেল গড়াতেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের চারপাশে বসে যায় নানা পণ্যের দোকান। বিভিন্ন প্রকারে খাবার, খেলনা, মাটির তৈজসপত্র, হস্তশিল্পসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও লড়াই দেখতে ভিড় করেন। প্রতিযোগিতায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক ষাঁড় অংশ নেয়। 

ষাঁড়ের লড়াই দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায়। স্থানীয়দের মাঝে ঐতিহ্য বহনকারী এই ষাঁড়ের লড়াই ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দর্শনার্থীরা বলেন, ষাঁড়ের লড়াই শুধু একটি সাধারণ খেলা নয়, এটি গ্রাম-বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রাচীনকাল থেকেই এই লড়াই গ্রাম-বাংলার মানুষের বিনোদন ও সামাজিক ঐক্যের প্রতীক। এই ঐতিহ্যকে ধরে রাখা উচিত। যেন বাংলার গ্রামীণ সংস্কৃতি ও ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবন্ত থাকে।

আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় প্রায় শতাধিক ষাঁড় অংশগ্রহণ করে। অংশ নেওয়া উল্লেখযোগ্য ষাঁড়ের মধ্যে ছিল ‘প্রিন্স রাজা’ ও ‘সাদা মস্তান’ যা দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিটি লড়াই ঘিরে দর্শকদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং স্থানীয়দের বিনোদনের জন্য প্রতিবছরই এ ধরণের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ