শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ || ৪ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৫৬, ১৮ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ি থেকে সংসদ সদস্য হতে আগ্রহী চার নেত্রী

খাগড়াছড়ি থেকে সংসদ সদস্য হতে আগ্রহী চার নেত্রী
সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে খাগড়াছড়ি জেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চার নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকারী চার নেত্রী হলেন জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলি দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সিমা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাজেদা আক্তার এবং আইনজীবী শাহানা আক্তার।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা আগামীকাল শনিবার কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাৎকারে অংশ নেবেন। প্রার্থীদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি অবদান বিবেচনায় নিয়ে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংরক্ষিত নারী আসনের জন্য আগ্রহী প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেন্দ্রীয়ভাবে যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণকারী নেত্রীদের প্রাধান্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিটি সংসদেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে একজন নারী সংসদ সদস্য মনোনীত হওয়ার প্রচলন রয়েছে। ইতোমধ্যে রাঙামাটি ও বান্দরবান জেলা থেকেও একাধিক নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো তঞ্চইঙ্গা জনগোষ্ঠীর একজন নারী সংসদ সদস্য মনোনীত হয়েছিলেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ