বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:২৬, ২৩ এপ্রিল ২০২৬

রাবিতে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদ, ছাত্রদল নেতার শাস্তি দাবি

রাবিতে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদ, ছাত্রদল নেতার শাস্তি দাবি
সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগে ছাত্রদল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। 

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত হাসিবুল ইসলাম হাসিব রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘আমার ভাইকে মারলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না’, ‘বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে রাকসু নেতারাও সংহতি জানিয়ে দ্রুত বিচার দাবি করেন।

মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী হাসান বলেন, চারুকলা এলাকায় একজন গার্ড রয়েছে এবং সেখানে কিছু বহিরাগত টুকাই প্রায়ই ঘোরাফেরা করতে আসা দর্শনার্থীদের হেনস্থা করে। এর ধারাবাহিকতায় আমাদের এক ভাই গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখানে ঘুরতে গেলে তাকে আটকে হেনস্থা করা হয়। এ সময় ছাত্রদল নেতা হাসিব তার কাছে টাকা দাবি করে। আমাদের ওই ভাই প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়। এমনকি প্রক্টরকে ফোন দেওয়ার ঘটনাতেও ভয়ভীতি প্রদর্শন করা হয়। 

তিনি আরও বলেন, আমরাও সেখানে উপস্থিত ছিলাম এবং আমাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে রাতে আমরা প্যারিস রোডের পাশে বসে থাকাকালে ছাত্রদল নেতা হাসিব সেখানে এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই ঘটনায় হাসিব ছাড়া ছাত্রদলের অন্য কোনো সদস্য উপস্থিত ছিল না।

 একই বিভাগের আরেক শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, আমরা এখানে দাঁড়িয়েছি দোষীদের শাস্তির দাবিতে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যেন আর কোনো শিক্ষার্থীর রক্ত না ঝরে— গতকালের ঘটনায় ছাত্রসমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা চাই ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হোক।

মানববন্ধনে একাত্মতা পোষণ করে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ছাত্রদল কর্তৃক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনাটি পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপমানজনক। সরকারদলীয় ছাত্র সংগঠন বলেই যদি কেউ নেতাগিরির নামে ক্যাম্পাসে মাস্তানি করে বা কোনো শিক্ষার্থীর ওপর হামলা চালায় এবং প্রশাসন যদি এর বিচার না করে, তাহলে আমরা শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবো। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি রাকসুর পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। সুষ্ঠু বিচার না হলে এই ক্যাম্পাসে কেউ নিজেকে নিরাপদ ভাবতে পারবে না।

তিনি আরও বলেন, এ ঘটনার পেছনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও হুমকি দেওয়া হয়েছে। একটি ছাত্র সংগঠন কতটা দেউলিয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও হুমকি দেয়। আমরা জানিয়ে দিতে চাই, এসব দেউলিয়াত্ব এই ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না।

এ বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, গতকালকের যে ঘটনা সেটা তাদের ব্যাক্তিগত বিষয় নিয়েই ঘটেছে। দলীয় কোনো বিষয় নয়। হাসিবের সাথে আমার কথা হয়েছে। সে বলেছে সে এটার সাথে জড়িত নয়। তবে তারা দুজনই আমাদের ছাত্রদলের, একজন যুগ্ম-সাধারণ সম্পাদক আরেকজন দলের কর্মী। তাদেরকে ডেকেছি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার জন্য।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন