শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫৫, ২৪ এপ্রিল ২০২৬

পেট্রোল পাম্পে তেল নেওয়া নিয়ে সংঘর্ষে যুবক আহত, একজনকে আটক

পেট্রোল পাম্পে তেল নেওয়া নিয়ে সংঘর্ষে যুবক আহত, একজনকে আটক
সংগৃহীত

ফেনীতে পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. ফাহিম (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সাঈদুল ইসলাম (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ফাহিম জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে ফাহিম তার এক সহপাঠীকে নিয়ে আবদুল খালেক অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যান। লাইনে দাঁড়ানোর সময় পেছন থেকে অপর একটি মোটরসাইকেল ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেয়। এর প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর হাসপাতাল মোড়ের একটি মিষ্টির দোকানের সামনে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফাহিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বা চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন।

ফাহিমের বন্ধু সাগর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি ফাহিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। 

ফাহিমের মাথায় হেলমেট দিয়ে আঘাত করা হয়েছে বলে জানান তিনি।

ফাহিমের মা কহিনুর বেগম বলেন, আমার ছেলে ইন্টার্নশিপের সার্টিফিকেট আনতে চট্টগ্রাম যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য আমার কাছ থেকে ১৫০০ টাকা নিয়ে তেল নিতে গিয়ে এ ঘটনার শিকার হয়েছে। তার চিকিৎসার খরচ চালানোর মতো সামর্থ্যও আমার নেই। আমি হামলাকারীদের বিচার চাই।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, মাথায় আঘাতের কারণে ফাহিম অচেতন ছিলেন এবং কয়েকবার বমিও করেছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। আহতের পরিবার থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন